লোহাগড়ায় গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য
নড়াইলের লোহাগড়া উপজেলার পোদ্দারপাড়ায় তপতী রানী কুন্ডু (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে। গত সোমবার সকালে শ্বশুরবাড়িতে টিনের ঘরের আড়ার সঙ্গে তাঁর নিজের শাড়ি দিয়ে গলায় ফাঁস নেওয়া অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তপতী রানী লোহাগড়ার পোদ্দারপাড়ার মিষ্টি ব্যবসায়ী জয়দেব কুন্ডুর স্ত্রী ও মাগুরার শালিখা উপজেলার সরুশুনা গ্রামের জীবন কৃষ্ণ কুন্ডুর মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, ২২ বছর আগে জয়দেব ও তপতীর বিয়ে হয়। বিয়ের পরপরই দাম্পত্য কলহ শুরু হয়। কলহের কারণে তপতী প্রায় ১২ বছর ধরে বাবার বাড়িতে থেকেছেন।তপতী রানীর ছোট ভাই অনুপ কুমার কুন্ডু অভিযোগ করেন, জয়দেব তাঁর বোনকে মেনে নিতে পারেননি। কিন্তু তাঁর বোন স্বামীর সংসার করতে চেয়েছিলেন। তাই তাঁকে এড়াতে না পেরে হত্যা করে লোক দেখানোর জন্য গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে।তবে জয়দেব কুন্ডু অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বিয়ের পর থেকেই তাঁর (স্ত্রীর) আচার-আচরণ ও চলাফেরা বেপরোয়া। তাঁকে অনেক আগেই আমাকে ছেড়ে চলে যেতে বলেছি। এ নিয়ে বহু সালিসও হয়েছে। ’লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. হাফিজ ইকবাল বলেন, ‘লাশের বাঁ হাতের কবজিতে সামান্য নীল দাগ ও গলায় ফাঁসের দাগ ছিল। থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।