লোহাগড়ায় চুরির অভিযোগে যুবককে নির্যাতন
চোর শনাক্ত করতে মাওলানার পড়া রুটি খাওয়ানো হয় এক যুবককে। রুটি গলায় আটকে গেছে এই সন্দেহে তাঁকে চোর হিসেবে শনাক্ত করে তাঁর ওপর নির্মম নির্যাতন চালানো হয়। গত মঙ্গলবার সন্ধ্যায় নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের দক্ষিণ পাংখারচর গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই যুবকের নাম হাসিবুর রহমান (২৮)। তিনি ওই গ্রামের নবাব কাজীর ছেলে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় হাসিবুরের চাচা লায়েব আলী কাজী গত শুক্রবার ১০জনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা করেছেন।মামলার এজাহার ও হাসিবুরের পারিবারিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের ওবায়দুর কাজীর একটি মোটরসাইকেল গত ৭ মে চুরি হয়। চোর শনাক্ত করতে খুলনার এক মাওলনার কাছ থেকে রুটি পড়া নিয়ে মঙ্গলবার পাংখারচর কাজীপাড়ায় আইয়ুব চৌধুরীর দোকানের সামনে হাসিবুরসহ এলাকার বেশ কয়েকজনকে খেতে দেওয়া হয়। খাওয়ার সময় হাসিবুরের গলায় রুটি আটকে গেছে—সন্দেহে তাঁকে চোর হিসেবে শনাক্ত করা হয়। এরপর গ্রামের লিয়াকত কাজী, বাহাদুর, ওবায়দুর, আওলাদ, কুটু, সবুজ, মামুনসহ ১৫-২০ জন লোক চুরির অভিযোগে হাসিবুরকে কাঠ ও রড দিয়ে পেটায় এবং খেজুরগাছের কাটা দিয়ে তাঁর শরীরে খোঁচায়। লোহাগড়া থানার উপপরিদর্শক জি জি বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি ওই যুবককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। মোটরসাইকেলের মালিক ওবায়দুর কাজী দাবি করেন, হাসিবুরকে নির্যাতন করা হয়নি, পড়া রুটি খেতে গিয়ে গলায় বেঁধে অসুস্থ হয়েছে। খুলনার এক মাওলানার কাছ থেকে ওই রুটি পড়া আনা হয়েছে বলে তিনি জানান।