লোহাগড়ায় ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ
নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবি জানিয়েছেন সংগঠনটির একটি পক্ষের নেতা-কর্মীরা। এই দাবিতে তাঁরা গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ মিছিল ও লক্ষ্মীপাশা চৌরাস্তায় পথসভা করেছেন।নতুন কমিটি গঠনের ঘটনা কেন্দ্র করে গত সোমবার এক পক্ষের হামলায় অপর পক্ষের এক নেতা আহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে উপজেলা পরিষদের সামনে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটেছে।আহত হওয়া ওই নেতার নাম মুন্সী জোসেফ হোসেন (২২)। তিনি উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি। জেলা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলা ও পৌর ছাত্রলীগের নতুন কমিটি গঠন উপলক্ষে ৭ জুলাই স্থানীয় আরএল পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমেঞ্চলন অনুষ্ঠিত হয়। গত সোমবার দুপুরে নতুন কমিটি ঘোষণা করা হয়। মুন্সী জোসেফ হোসেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ও রাশেদুল হাসান সাধারণ সম্পাদক এবং ইমদাদ ফকির পৌর ছাত্রলীগের সভাপতি ও হাসিবুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ কমিটি গঠন নিয়ে উপজেলা ছাত্রলীগে জোসেফ ও ইমদাদ ফকির পক্ষের সৃষ্টি হয়েছে। উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম জানান, নতুন কমিটি সবার মেনে নেওয়া উচিত ছিল। স্থানীয় সাংসদের ঘনিষ্ঠ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুন্সী আলাউদ্দীন জানান, কমিটিতে যথাযথ মূল্যায়ন না হওয়ায় ইমদাদের লোকজন ক্ষুব্ধ হন।