নড়াইলের লোহাগড়া উপজেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচি (টিআর) প্রকল্পের কাজ না করে বরাদ্দকৃত গম আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ ধরনের ৭৮টি প্রকল্পের সভাপতিকে টাকা ফেরত দেওয়ার জন্য চিঠি দিয়েছেন।২০ সেপ্টেম্বর মল্লিকপুর ইউনিয়নে কাজ না হওয়া সাতটি প্রকল্পের সভাপতিদের এমন চিঠি দেওয়া হয়। এর আগে ১১টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় কাজ না হওয়া প্রকল্প সভাপতিদের চিঠি দেওয়া হয়।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় (পিআইও) সূত্রে জানা গেছে, গত জুনে উপজেলায় ৫৬৩ দশমিক ৬১৭ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে স্থানীয় সাংসদ এস কে আবু বাকেরের অনুকূলে ২০৩ মেট্রিক টন, নারী সাংসদ ফরিদা রহমানের অনুকূলে ৬৩ মেট্রিক টন বিশেষ বরাদ্দ এবং ২৯৭ দশমিক ৬১৭ মেট্রিক টন সাধারণ বরাদ্দ দেওয়া হয়। এ বরাদ্দে মোট ৩৯৩টি প্রকল্প তৈরি করা হয়। ৩০ জুনের মধ্যে এসব প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা।ইউএনও অরুণ কুমার মণ্ডল জানান, জুনের মধ্যে এসব প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও জুনের শেষ সপ্তাহে মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়ায় কাজ শেষ করা সম্ভব হয়নি। তাই অলিখিতভাবে ৩০ জুলাইয়ের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু বেশ কিছু প্রকল্পের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ পাওয়া যায়। এ অভিযোগের ভিত্তিতে উপজেলার ১৩ জন কর্মকর্তাকে দিয়ে প্রকল্পগুলো সরেজমিনে তদন্ত করানো হয়। এর মধ্যে পৌর এলাকা ও ১২টি ইউনিয়নে ৭৮টি প্রকল্পের গমের টাকা উত্তোলন করা হলেও এখন পর্যন্ত কোনো কাজই হয়নি বলে তদন্ত কর্মকর্তারা প্রতিবেদন দাখিল করেন। এসব প্রকল্প সভাপতিকে চিঠি দেওয়া হয়েছে। চিঠি পাওয়ার সাত দিনের মধ্যে টাকা ফেরত দিতে বলা হয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, নোয়াগ্রাম ইউনিয়নের ‘মানিকগঞ্জ আওয়ামী লীগ অফিস সংস্কার’ নামের প্রকল্পে এক টন গম বরাদ্দ দেওয়া হয়েছে। এটি স্থানীয় সাংসদের বিশেষ বরাদ্দের ৫২ নম্বর প্রকল্প। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এ কার্যালয়টি জনৈক ব্যক্তির নিজস্ব জমিতে একতলা পাকা ভবন। মালিকানা জটিলতায় প্রকল্পের কাজ করা যায়নি বলে প্রকল্প কমিটির সদস্যরা জানিয়েছেন। প্রকল্প সভাপতি ও নোয়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন বলেন, ‘মালিকানার জটিলতার কারণে কাজ করতে দেরি হচ্ছে ঠিকই, দলীয় অফিস তাই জোর করেই কাজ শুরু করা করতাম। কিন্তু পেছনে পানি থাকায় কাজ শুরু করতে দেরি হচ্ছে।’নলদী ইউনিয়নে ‘ব্রাহ্মণীনগর সমাজকল্যাণ সংঘ’ নামের প্রকল্পে এক টন গম বরাদ্দ দেওয়া হয়েছে। এ ধরনের কোনো সংঘের অস্তিত্ব নেই বলে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে। এ প্রকল্পের সভাপতি মোহাম্মদ শেখ প্রথম আলোকে বলেন, এ ক্লাবের জায়গা নেই। জায়গা কিনতে পারলে ঘর নির্মাণের জন্য টিআরের টাকা খরচ করা হবে। পৌরসভা এলাকার ‘মাইটকুমড়া মসজিদ সংস্কার’ প্রকল্পের সভাপতি হাবিবুল্লাহ বলেন, সংস্কারে আরও টাকা দরকার বলে কাজ শুরু করা হয়নি।নড়াইল-২ আসনের সাংসদ এস কে আবু বাকের প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগ অফিস সংস্কারের জন্য টিআর বরাদ্দ দেওয়া যায় কিনা, তা পিআইওর জানার কথা। এটি আমার বিষয় নয়।’ তিনি আরও বলেন, ‘যেসব প্রকল্পের কাজ হয়নি, সেগুলোতে মামলা হবে।’ পিআইও শেখ আবদুল কাদের বলেন, ‘রাজনৈতিক দলের অফিস সংস্কারের জন্য টিআর বরাদ্দ দেওয়া যায় না। এ বিষয়টি খেয়াল করিনি।’