লোহাগড়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০
নড়াইলের লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামে গতকাল মঙ্গলবার সকালে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত তিনজনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তেজনা বিরাজ করায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের একই বংশের ওসমান সরদার ও আসাদ সরদারের মধ্যে বংশীয় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল। গতকাল সকালে দুই পক্ষ কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষে ঢাল-সড়কি, টেঁটা, রামদাসহ দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহূত হয়। এ সময় উভয় পক্ষের ৩০ জন আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত মিন্টু সরদার (৩০), জামান সরদার (৩৫), রিপন সরদারকে (৩০) নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লোহাগড়া থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, এলাকার পরিস্থিতি এখন শান্ত। এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। তবে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।