লোহাগড়ায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগ
নড়াইলের লোহাগড়ায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। ধর্ষণের শিকার এক শিশুর বাবা বাদী হয়ে গত মঙ্গলবার রাতে লোহাগড়া থানায় এ মামলা করেন। গত সোমবার (২২ জুলাই) বেলা ১১টার দিকে লাহুড়িয়া ইউনিয়নের সরুশুনা গ্রামের পাশে ইছামতী বিলে এ ধর্ষণের ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ছয় ও সাত বছর বয়সী ওই দুই শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য গতকাল বুধবার নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত দাউদ ফকির (৪০) সরুশুনা গ্রামের আসালত ফকিরের ছেলে। স্থানীয় ইউপি সদস্য নান্নু মিয়া বলেন, ‘এ নিয়ে ঘটনার দিনই ধর্ষণের শিকার এক শিশুর বাড়িতে সালিস হয়। সালিসে উপস্থিত ছিলাম না। তবে জানতে পেরেছি, ধর্ষণের বিচারে পাঁচ হাজার টাকা জরিমানার সিদ্ধান্ত হয়। অভিযুক্তকে পাটকাঠি দিয়ে ৫০টি আঘাতও করা হয়। একপর্যায়ে ওই শিশুদের আত্মীয়স্বজনেরা সালিসের সিদ্ধান্ত না মেনে চলে আসেন।’সাত বছর বয়সী শিশুটির পিতা বলেন, ‘ধর্ষণের বিচারে সালিসে যে শাস্তি হয়েছে, তা মেনে নেওয়া যায় না বলে মামলা করেছি।’ দাউদ ফকিরের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক তাঁর এক আত্মীয় বলেন, ধর্ষণের বিষয়টি সন্দেহজনক। তবে পূর্বশত্রুতার কারণে দাউদকে ফাঁসানোর চেষ্টায় এই অভিযোগ করা হতে পারে।