লোহাগড়ায় নকল ওষুধ কারখানার সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ায় অপহরণকারী চক্রের সদস্যদের ধরতে গিয়ে নকল ওষুধের কারখানা আবিষ্কার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে পুলিশ শহরের লক্ষ্মীপাশার গোপীনাথপুরে আমিনুল ইসলামের বাড়িতে এই কারখানার সন্ধান পায়। এখান থেকে পুলিশ বিপুল পরিমাণ নকল ওষুধ ও ওষুধ তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। এই কারখানায় তিন ব্যক্তিকে আটকে রেখে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশ শুক্রবার রাতেই দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন সদর উপজেলার দৌলতপুর গ্রামের ওহিদুজ্জামান (৪২) ও বালিয়াডাঙ্গা গ্রামের মিল্টন (২৮)। অপহরণের শিকার ব্যক্তিরা পেশায় নির্মাণশ্রমিক। তাঁরা হলেন জামালপুর সদর উপজেলার নরুন্দি গ্রামের আবু সালেহ (২৪) ও তুলসিরচর গ্রামের হামিদুল ইসলাম (৪০) ও শেরপুরের নকলা উপজেলার লাবা গ্রামের নূর আলম (২৮)। মুক্তিপণ আদায়ের ঘটনায় আবু সালেহ গ্রেপ্তার হওয়া দুজনসহ পাঁচজনকে আসামি করে গতকাল শনিবার লোহাগড়া থানায় মামলা করেছেন। আবু সালেহ জানান, ভবন নির্মাণের কথা বলে জামালপুরের একজন পরিচিত ব্যক্তির মাধ্যমে গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে তাঁদের তিনজনকে এনে ওই কারখানায় আটকে রেখে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে পাঁচজন অপহরণকারী। মুক্তিপণ হিসেবে একটি বিকাশ নম্বরে বাড়ি থেকে ৪০ হাজার টাকা পাঠানোর পর অপহরণকারীরা তাঁদের শুক্রবার সন্ধ্যায় ছেড়ে দেয়। এরপর তাঁরা পুলিশকে বিষয়টি জানান। লোহাগড়া থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ময়েনউদ্দীন বিশ্বাস জানান, চক্রের সদস্যদের ধরতে গিয়ে ওই বাড়িতে নকল যৌন উত্তেজক ভেষজ ওষুধ তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। সেখান থেকে ওষুধের প্রায় ৩০০ বোতল এবং ওষুধ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এগুলো জব্দ করা হয়েছে।