লোহাগড়ায় নদীভাঙনের কবলে বিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়া উপজেলার টি-করগাতী প্রাথমিক বিদ্যালয় মধুমতী নদীর ভাঙনের কবলে পড়েছে। নদী থেকে বিদ্যালয়ের ভবন এখন ১০ ফুট দূরে। সম্প্রতি তোলা ছবি, প্রথম আলো
নড়াইলের লোহাগড়া উপজেলার টি-করগাতী প্রাথমিক বিদ্যালয় মধুমতী নদীর ভাঙনের কবলে পড়েছে। নদী থেকে বিদ্যালয়ের ভবন এখন ১০ ফুট দূরে। সম্প্রতি তোলা ছবি, প্রথম আলো

নড়াইলের লোহাগড়া উপজেলার তেলকাড়া-করগাতী গ্রামে অবস্থিত টি-করগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মধুমতী নদীর ভাঙনের কবলে পড়েছে। ভাঙন অব্যাহত থাকায় যেকোনো মুহূর্তে বিদ্যালয় ভবনটি বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।             

উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার দক্ষিণে ওই এলাকায় গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের চারকক্ষবিশিষ্ট একটি একতলা ভবন ও একটি আধাপাকা ঘর আছে। শিক্ষার্থী ৩১০ জন ও শিক্ষক ছয়জন। ইতিমধ্যে বিদ্যালয় প্রাঙ্গণের একাংশ নদীতে বিলীন হয়েছে। 

প্রধান শিক্ষক আসাদুজ্জামান মোল্লা জানান, ইতিমধ্যে বিদ্যালয়ের ৩৩ শতাংশ জমির মধ্যে খেলার মাঠসহ অর্ধেকটা নদীতে চলে গেছে। দুটি শৌচাগার ও একটি নলকূপ নদীভাঙনে বিলীন হয়েছে।  যেকোনো মুহূর্তে বিদ্যালয় ভবনটি নদীগর্ভে বিলীন হতে পারে। ১৯৩০ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি এর আগে দুবার নদীগর্ভে বিলীন হয়েছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত আছে। উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটিতে অনেকবার এ নিয়ে আলোচনা হয়েছে।                

পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী নাইম, রাসেল, সজল এবং তৃতীয় শ্রেণীর রিমা, সুরাইয়া ও লিজা জানায়, খেলার মাঠ নদীতে চলে যাওয়ায় খেলতে পারি না। এখন স্কুল ভবন নদীতে চলে গেলে গাছতলায় বসে ক্লাস করতে হবে। তেলকাড়া গ্রামের অভিভাবক আনিচুর রহমান ও হাসমত শিকদার বলেন, হয় নদীভাঙন ঠেকাতে হবে, না হলে দ্রুত অন্যত্র বিদ্যালয় ভবন স্থানান্তরিত করতে হবে।         

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেবেকা খান বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত আছে।

জমি পাওয়া গেলে নতুন বিদ্যালয় ভবন করা হবে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নড়াইলের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আলী বলেন, ‘ওই ইউনিয়নের আটটি গ্রাম মধুমতীর ভাঙনের কবলে রয়েছে। ভাঙন প্রতিরোধে জলবায়ু ট্রাস্ট ফান্ডের আওতায় মন্ত্রণালয়ে দুই বছর আগে প্রকল্প দেওয়া আছে।