লোহাগড়ায় নবগঙ্গা নদী খননের নামে প্রহসন!
নড়াইলের লোহাগড়ার নবগঙ্গা নদীর আট কিলোমিটার অংশ খননের জন্য ৪০ দিন সময় বেঁধে দিয়ে দুই কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ দেয় বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। বেসরকারি একটি সংস্থার (এনজিও) অধীনে প্রতিদিন চার হাজার শ্রমিকের ১৫০ টাকা করে পারিশ্রমিকের ভিত্তিতে শুকনো নদীটি খননের কথা। বাস্তবে খননকাজের তেমন কিছুই হয়নি। ওই এনজিওর বিরুদ্ধে অর্থ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এনজিওর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, কাজের প্রায় ৭৩ শতাংশ তাঁরা সম্পন্ন করেছেন। বাকি কাজের টাকা ফেরত গেছে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) লোহাগড়া কার্যালয় সূত্রে জানা গেছে, বিচ্ছিন্ন হয়ে যাওয়া মধুমতির প্রবাহের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য নবগঙ্গা নদী খনন প্রকল্প হাতে নেওয়া হয়। গত ২৯ মার্চ উপজেলার তেলকাড়া থেকে নবগঙ্গা খননের কাজ শুরু হয়। প্রাথমিক পর্যায়ে তেলকাড়া থেকে দিঘলিয়া পর্যন্ত ৮ দশমিক ৬৮ কিলোমিটার অংশ খনন করার কথা। এ জন্য ব্যয় ধরা হয় দুই কোটি ৪০ লাখ টাকা। ডব্লিউএফপির আর্থিক সহায়তায় প্রকল্পটি বাস্তবায়নের কাজ পায় শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিসি)। প্রকল্পের তত্ত্বাবধানে ছিল এলজিইডি। ৪০ দিনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা।নদীর আকারভেদে ৬০ থেকে ৮০ ফুট প্রস্থ এবং গড়ে চার ফুট গভীরতায় খনন করার কথা। এ জন্য স্থানীয় চার হাজার শ্রমিক প্রতিদিন খননকাজে অংশ নেবেন, যার অর্ধেক পুরুষ ও অর্ধেক নারী। তাঁরা প্রত্যেকে প্রতিদিন ১৫০ টাকা হারে পারিশ্রমিক পাবেন।সরেজমিনে তেলকাড়া, কলাগাছি, মাইগ্রাম, চরদিঘলিয়া, চরকোটাকোল, ভাটপাড়া ও দিঘলিয়া এলাকায় গিয়ে দেখা গেছে, কোনো কোনো জায়গায় একদমই কোদালের কোপ পড়েনি। যেসব জায়গায় খনন হয়েছে, সেসব জায়গার গভীরতা ও চওড়া প্রায় আগের মতোই রয়ে গেছে।স্থানীয় লোকজন জানান, কলাগাছি থেকে লুটিয়ার বড় ঘাট পর্যন্ত প্রায় তিন কিলোমিটারে নদীর তলায় কোদালের কোপই দেওয়া হয়নি। এ ছাড়া স্থানে স্থানে একদমই কাটা হয়নি।কলাগাছি এলাকায় খননকাজে নিয়োজিত শ্রমিক শরিফুল, হাবিব শেখ ও সজিব শেখ বলেন, সব ফাঁকিজুকি। গাঙ (নদী) কাটা কিছুই হইনি। চরদিঘলিয়া এলাকায় খননকাজে নিয়োজিত শ্রমিক টিটন মোল্লা, বুলু শেখ, আকরাম মোল্লাসহ অন্যরা বলেন, সব জায়গা কাটা হয়নি। অনেক জায়গায় নদীর তলা কাটা হয়নি। আর যেসব জায়গায় কাটা হয়েছে, সেখানে তলার দিকে এক বা দুই কোদাল, আর চওড়ার দিকে শুধু ঘাস চাঁছা হয়েছে।চরদিঘলিয়া গ্রামের বাবু খোন্দকার, বিল্লাল খোন্দকার, ওমর আলী শেখ এবং চরকোটাকোল গ্রামের রমজান আলী, পটু শেখ, লিয়াকত আলীসহ অন্যরা জানান, জায়গায় জায়গায় একদমই মাটি কাটা হয়নি। যেখানে কাটা হয়েছে, সেখানে এক থেকে দেড় ফুট গভীর ও চওড়ায় শুধু ঢালের ঘাস চাঁছা হয়েছে।দিঘলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লতিফুর রহমান বলেন, ‘একদম খালি খালি। কিছুই কাটা হয়নি। কোনো কাজ হয়নি। নদী খননের নামে প্রহসন হয়েছে। কোটি টাকা লুটপাট হয়েছে।’স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের লোহাগড়া উপজেলা প্রকৌশলী রোজদিদ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘জায়গায় জায়গায় কাটতে বাকি রয়েছে। খননকাজে আমি সন্তুষ্ট নই। প্রকল্পটি ব্যর্থ হওয়ায় ওই নদী খননের পরবর্তী প্রকল্পের কাজ বন্ধ রেখেছি।’শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির (এসডিসি) নড়াইল জেলার সমন্বয়কারী নূরুল ইসলাম বলেন, ‘৭২ দশমিক ৮৬ শতাংশ কাজ হয়েছে। তবে বরাদ্দ হওয়া প্রায় ৯০ লাখ টাকা ফেরত গেছে। ৪০ দিনের জায়গায় ৫৭ দিন কাজ করা হয়েছে। টাকা আত্মসাতের অভিযোগ সত্য নয়।’ডব্লিউএফপির প্রকল্প সহকারী ও প্রকল্পের দায়িত্বরত কর্মকর্তা মুকুল বিশ্বাস বলেন, ‘কাজে ফাঁকি হয়নি। যেভাবে কাজ হওয়ার কথা, সেভাবে হয়েছে।’