লোহাগড়ায় নাচে-গানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদ্যাপন
‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। এ জীবন পুণ্য করো দহন-দানে...’ এই গানে সমবেত সংগীতের মধ্য দিয়ে শুরু হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকী।
গত শনিবাররাতে নড়াইলের লোহাগড়া উপজেলা সদরের রথখোলায় রবিঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে নাচ ও গানের আয়োজন করা হয়। রবীনন্দন সংগীত একাডেমি এ অনুষ্ঠানের আয়োজন করে। এই একাডেমির শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন পর্যায়ের শিল্পীরা রবীন্দ্রসংগীত ও নৃত্য পরিবেশন করেন।
এতে সংগীত, নৃত্য ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সংগীত প্রতিযোগিতায় ছড়াগানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে মিথিলা ভদ্র, প্রাঞ্জল সাহা ও অহি বিশ্বাস এবং রবীন্দ্রসংগীতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে প্রমা চৌধুরী, প্রতিম কুণ্ডু ও সুব্রত সাহা। চিত্রাঙ্কনে তিন বিভাগে বিজয়ীরা হলো টুইন মিথি, মিথিলা, আলিফ, সূর্য সাহা, সেঁজুতি সাহা, নিঝুম, মেহেরিন, আয়শা, ইমাম হাসান ও অভিজাত সাহা।