লোহাগড়ায় নামজারি ছাড়া সম্পত্তি নিবন্ধন!
নড়াইলের লোহাগড়া উপজেলা সাব-রেজিস্ট্রার মো. জাহিদুল ইসলামের বিরুদ্ধে নামপত্তনহীন (মিউটেশন ছাড়া) বিভিন্ন জমি রেজিস্ট্রি করার অভিযোগ পাওয়া গেছে। গত ১৭ এপ্রিল লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবন্ধন পরিদপ্তরের মহাপরিদর্শকের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেন। ২৪ মে লোহাগড়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে নিবন্ধন পরিদপ্তর থেকে এ বিষয়টি তদন্ত হবে।জাহিদুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, ‘তিনি এ কার্যালয়ে যোগদান করার পর অসংখ্য জমি নামপত্তন ছাড়াই দলিল রেজিস্ট্রি করেছেন। এর মধ্যে গত ১০ জানুয়ারি ৯১ নম্বর রাজুপুর মৌজার জাহাঙ্গীর আলী মণ্ডলের এক শতাংশ জমি (দলিল নম্বর-১৫২, খতিয়ান-১৬৬, দাগ-১৪৪) ও গত বছরের ১৫ জুলাই ৯৪ নম্বর মশাঘুনি মৌজার বিপ্লব হোসেনের ১৬ শতাংশ জমি (দলিল নম্বর-৩১৬০, খতিয়ান-৯৮, দাগ-২১৯) নামপত্তন ছাড়াই দলিল রেজিস্ট্রি করা হয়েছে।’ইউএনও অরুণ কুমার মণ্ডল বলেন, ‘নামপত্তনহীন জমি রেজিস্ট্রি না করতে তাঁকে বারবার বলা সত্ত্বেও ব্যক্তিস্বার্থ হাসিল করতে তা করে যাচ্ছেন। এতে ভূমি বিরোধ বৃদ্ধি পাচ্ছে এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। আইনত এ ধরনের জমি রেজিস্ট্রি করার বিধান নেই।’এ বিষয়ে জমি বিক্রেতা জাহাঙ্গীর আলী মণ্ডল বলেন, ‘নামপত্তন ছাড়া কীভাবে জমি রেজিস্ট্রি হয়েছে, তা ক্রেতা বলতে পারবেন।’ ক্রেতা পাচুড়িয়া গ্রামের জিয়াউর রহমান নিজে দলিল লেখক। তিনি বলেন, ‘আমার প্রতি মানবিকতা দেখিয়ে সাব-রেজিস্ট্রার ছাড় দিয়েছেন।’সাব-রেজিস্ট্রার মো. জাহিদুল ইসলাম নামপত্তনহীন জমি রেজিস্ট্রি করার অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ইউএনও অভিযোগ করেছেন, তদন্ত হচ্ছে। তিনি প্রমাণ করার চেষ্টা করবেন, আমি তা খণ্ডনের চেষ্টা করব।’ এদিকে এর আগের সাব-রেজিস্ট্রার আবদুস সাত্তারের বিরুদ্ধে অর্পিত সম্পত্তি (ভিপি) রেজিস্ট্রি করে দেওয়ার অভিযোগ করেছেন ইউএনও। ওই একই তারিখে পৃথক আবেদনে নিবন্ধন পরিদপ্তরে তিনি এ অভিযোগ করেন।লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, ‘লাহুড়িয়া ইউনিয়নের ২১ নম্বর কামারগ্রাম মৌজার ভিপিসি-১০/৮০ নম্বর কেসভুক্ত সরকারি ভিপি সম্পত্তি ১৪ শতাংশ জমি কালিদাস পাল শরুশুনা গ্রামের রফিকুল ইসলামের কাছে বিক্রি করেন। গত বছরের ৪ জানুয়ারি এ জমি রেজিস্ট্রি হয়। এ জমি রেজিস্ট্রি হওয়ার আগে লাহুড়িয়া ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সঞ্জিত কুমার সাব-রেজিস্ট্রারকে তা রেজিস্ট্রি না করতে লিখিত অনুরোধ জানিয়েছিলেন।’এ ব্যাপারে সাব-রেজিস্ট্রার আবদুস সাত্তার (বর্তমানে মেহেরপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত) মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের জমি রেজিস্ট্রি করেছি কি না, মনে নাই। তদন্ত হলে তদন্ত ফেস (মোকাবিলা) করব।’