লোহাগড়ায় পল্লী বিদ্যুতে নতুন সংযোগ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবস্টেশনে ধারণক্ষমতা কম থাকায় নড়াইলের লোহাগড়া উপজেলায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ তিন মাস নতুন সংযোগের আবেদন গ্রহণ করছে না।যশোর পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস)-২ এর অধীন লোহাগড়ার লক্ষ্মীপাশা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (কম) কুমুদ রঞ্জন দেবনাথ জানান, পল্লী বিদ্যুতের লোহাগড়া সাবস্টেশনের ধারণক্ষমতা ৪ দশমিক ৫০ মেগাওয়াট। অথচ গত বছর গ্রীষ্মকালে এ উপজেলায় বিদ্যুতের চাহিদা ছিল ৫ দশমিক ৮০ মেগাওয়াট। এ অবস্থায় ট্রান্সফরমারে অতিরিক্ত চাপ রেখে চালানো হয়েছে। এ কারণে ওই সময় অতিরিক্ত লোডশেডিং করতে হয়েছে। এ বছর গ্রীষ্মে চাহিদা আরও বাড়বে। তাই তিন মাস ধরে বিদ্যুৎ-সংযোগের নতুন আবেদন গ্রহণ করা হচ্ছে না। এ উপজেলায় পল্লী বিদ্যুতের গ্রাহক সংখ্যা প্রায় ২০ হাজার।খোঁজ নিয়ে জানা গেছে, সেচ, ব্যবসা, শিল্পপ্রতিষ্ঠান ও আবাসিক গ্রাহকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ বিদ্যুৎ-সংযোগ পাওয়ার জন্য পবিসের কার্যালয়ে দীর্ঘদিন ধরে ধরনা দিলেও কোনো কাজ হচ্ছে না। লাহুড়িয়া বাজারের ব্যবসায়ী মানিক মিয়া বলেন, ‘আমার ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য বিদ্যুৎ-সংযোগ নিতে দুই মাস ধরে চেষ্টা করেও আবেদনপত্র জমা দিতে পারিনি।’যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর লোহাগড়া অঞ্চলের পরিচালক মিরাজুল ইসলাম জানান, যশোর পবিসের প্রধান কার্যালয়ে ৫ এমভিএ ক্ষমতার ট্রান্সফরমার আছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) থেকে অনুমোদন নিয়ে সেটি লোহাগড়ায় বসাতে পারলে সমস্যার সমাধান হতো। পবিসের যশোর কার্যালয়ের মহাব্যবস্থাপক সালাউদ্দীন আল বিতার জানান, এ সমস্যা সমাধানের জন্য লোহাগড়ায় ৫ এমভিএ ক্ষমতার নতুন আরেকটি ট্রান্সফরমার বসানোর চেষ্টা চলছে। এ ব্যাপারে আরইবিতে যোগাযোগ করা হচ্ছে।