লোহাগড়ায় পুলিশি বাধায় যুবদলের সভা পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ বাধা দেওয়ায় নড়াইলের লোহাগড়ায় উপজেলা যুবদলের বর্ধিত সভা পণ্ড হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সকাল ১০টায় লোহাগড়া কমিউনিটি সেন্টারে এ সভা হওয়ার কথা ছিল।উপজেলা যুবদলের আহ্বায়ক এস এম ফেরদৌস রহমান অভিযোগ করেন, সকালে ওই কমিউনিটি সেন্টারে জেলা ও উপজেলা যুবদলের নেতা-কর্মীরা উপস্থিত হন। এ সময় পুলিশ সেখানে উপস্থিত হয়ে নেতা-কর্মীদের তাড়িয়ে দেয়। এ ছাড়া উপজেলা সদরের অন্য কোথায়ও পুলিশ নেতা-কর্মীদের সমবতে হতে দেয়নি। তাই ওই বর্ধিত সভা পণ্ড হয়ে গেছে।ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুজার গিফারী বলেন, উপজেলা যুবদলের সভায় সংঘর্ষ হওয়ার আশঙ্কা ছিল। এ কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সভা করতে দেওয়া হয়নি।লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বলেন, উপজেলা যুবদল সমাবেশের অনুমতি নেয়নি। এ কারণে পুলিশ তাদের দায়িত্ব পালন করেছে।এ প্রসঙ্গে এস এম ফেরদৌস রহমান বলেন, কমিউনিটি সেন্টারের মতো ঘরোয়া পরিবেশে সভা করতে গেলে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।