লোহাগড়ায় প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ
নড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতী নদীর ভাঙন প্রতিরোধে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচি প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্প কমিটির সদস্যদের সই না নিয়ে প্রকল্পের সভাপতি ও আওয়ামী লীগের নেতা অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১২-১৩ অর্থবছরে কাবিখার আওতায় ‘শালনগর শিয়েরবর বাজার নদীভাঙন হতে রক্ষাকরণ প্রকল্পে’ ২৫ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়। এ কাজ বাস্তবায়নে শালনগর ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য শিয়েরবর গ্রামের এখলাচুর রহমানকে সভাপতি করা হয়। এ ছাড়া শেখ জসিউর রহমানকে সাধারণ সম্পাদক এবং টিপু সুলতান, আকতার হোসেন, খোকন শেখ, রাজা দুলাল ও পিকুল মিয়াকে সদস্য করে সাত সদস্যের প্রকল্প কমিটি করা হয়। গত ৭ এপ্রিল কার্যাদেশ দেওয়া হয়। ৬০ দিনের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। গত জুন মাসের মধ্যে বরাদ্দ ২৫ মেট্রিক টন চাল প্রকল্পের সভাপতি তুলে নিয়েছেন। সরেজমিন দেখা গেছে, শিয়েরবর বাজার এলাকার কয়েকজন জানান, এই বেড়ার ভেতরে অল্প কিছু বালুর বস্তা ফেলা হয়েছিল, তা পানির তোড়ে ভেসে গেছে। যেকোনো সময় বেড়াও পানির তোড়ে ভেসে যাবে। কাজ হয়েছে নামমাত্র। শেখ জসিউর রহমান অভিযোগ করেন, ‘প্রকল্প কমিটির কাউকে না ডেকে এখলাচুর রহমান নিজেই কাজ করেছেন। আমার সই না নিয়ে মাস্টাররোল জমা দিয়ে তিনি সব বরাদ্দ তুলেছেন। ২৫ মেট্রিক টন চালের দাম প্রায় পাঁচ লাখ টাকা। এর মধ্যে সর্বোচ্চ দেড় লাখ টাকার কাজ হয়েছে। বাকি অর্থ তিনি আত্মসাৎ করেছেন। এসব বিষয় উল্লেখ করে ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেছিলাম।’ প্রকল্প কমিটির সদস্য রাজা দুলাল বলেন, নামমাত্র কাজ দেখিয়ে পুরো বরাদ্দ এখলাচুর রহমান তুলে নিয়েছেন।’ প্রকল্প কমিটির সভাপতি বলেন, ‘জসিউর রহমানের সঙ্গে ভুল-বোঝাবুঝি হয়েছে। তাঁকে বাদ রেখেই কাজ করেছি। তাই তিনি আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন।’ তিনি আরও বলেন, ‘কাজ ভালো না হলে সব বরাদ্দ তোলা যায় নাকি? উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৈয়দ মো. আজিমউদ্দীন বলেন, কাজ ভালো করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেবেকা খান বলেন, ‘লিখিত অভিযোগের বিষয়টি আমার মনে নেই। দেখতে হবে। আর কাজ দেখতে গিয়েছিলাম। কাজ বোধ হয় ঠিকমতো হয়নি। পানির মধ্যের কাজ, এ জন্য আরও দেখতে হবে।’