লোহাগড়ায় প্রধান শিক্ষক নেই ৩২টি বিদ্যালয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলায় ৩২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। সহকারী শিক্ষকেরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন। শিক্ষক স্বল্পতার কারণে প্রতিষ্ঠানগুলোয় পাঠদান ব্যাহত হচ্ছে।
উপজেলা শিক্ষা কার্যালয় সূত্র জানায়, লোহাগড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ১৬২টি। এর মধ্যে কালাচাঁদপুর, বলাডাঙ্গা, মতিনগর, মটবাড়ী, পারচালিঘাট, লাহুড়িয়া সায়মানারচর, মঙ্গলপুর, টিকেরডাঙ্গা, পশ্চিম কুমড়ি, ধানাইড়, পারলংকারচর, পাংখারচর, চরকরফা-ধর্মদেবপাড়া, ব্রহ্মণীনগর, লাহুড়িয়া আজিজুর রহমান, পূর্ব দীঘলিয়া আখড়াবাড়ি, আস্তাইল-আমডাঙ্গা নতুনপাড়া, আজমপুর, শেখপাড়া বাতাসি, এল গোবিন্দপাড়া, দেবী শুলটিয়া, এম চাপুলিয়া, চরবালিদিয়া, কামারগ্রাম, দেবী, নালিয়া, গাছবাড়িয়া, টিকরগাতী, চাপুলিয়া, তালবাড়িয়া, এম মাটিয়াডাঙ্গা ও মাকড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই।
শেখপাড়া বাতাসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছয়টি শ্রেণি রয়েছে। শিক্ষক আছেন মোট তিনজন।
এ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শাহানারা বলে, ‘একই স্যার দুই-তিন ক্লাসে এক সময়ে এক সঙ্গে ক্লাস নেন, তাই লেখাপড়া ঠিকমতো হয় না।’
পাংখারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এম ডি মোশারেফ হোসেন বলেন, মাসের অন্তত ১০ কর্মদিবস উপজেলা শিক্ষা কার্যালয়ে অথবা কোনো সভায় যোগ দিতে বিদ্যালয়ের বাইরে থাকতে হয়। অন্যদিন বিদ্যালয়ে থাকলেও বিভিন্ন কাজের জন্য প্রধান শিক্ষকের পক্ষে ক্লাস নেওয়া সম্ভব হয় না। বাকি দুজন শিক্ষক দিয়ে ছয়টি শ্রেণির ক্লাস চালানো হয়। এতে শিক্ষার্থীদের পাঠদান ভালোভাবে হয় না।
আস্তাইল-আমডাঙ্গা নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য জাকির হোসেন বলেন, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম প্রধান শিক্ষকের দায়িত্বে থাকায় বাকি দুই শিক্ষক ক্লাস চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক হান্নান বিশ্বাস বলেন, ২০০৯ সালের পর থেকে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি না হওয়ায় এ শূন্যতার সৃষ্টি হয়েছে। দ্রুত পদোন্নতি দিয়ে প্রধান শিক্ষক পদ পূরণ করা দরকার।
উপজেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, পদোন্নতির বিষয়ে উচ্চ আদালতে একটি মামলা থাকায় প্রধান শিক্ষক নিয়োগে দেরি হয়েছে। প্রধান শিক্ষকের শূন্য পদের তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।