লোহাগড়ায় প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্লিনিক সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ায় অস্ত্রোপচারের সময় প্রসূতি অর্চনা রানী পালের (৩৮) মৃত্যুর ঘটনায় উপজেলা সদরের মা সার্জিক্যাল ক্লিনিকটি সিলগালা করা হয়েছে।
গত শনিবার বিকেলে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম রেজা ক্লিনিকটি সিলগালা করেন। এ ক্লিনিকের মালিক কুমড়ি গ্রামের শেখ জাহাঙ্গীর আলম।
প্রসূতির স্বজনেরা অভিযোগ করেন, গত বৃহস্পতিবার দুপুরে অবেদনবিদ ছাড়াই চিকিৎসক ডেভিড তন্ময় বিশ্বাস ওই প্রসূতির অস্ত্রোপচার করেন। গর্ভের সন্তান বের করার আগেই তাঁর মৃত্যু হয়। এ নিয়ে গত শুক্রবার প্রথম আলোয় ‘অবেদনবিদ ছাড়াই অস্ত্রোপচার’ শিরোনামে সংবাদ ছাপা হয়।
মো. সেলিম রেজা বলেন, ‘ওই প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্লিনিকটি সিলগালা করা হয়েছে। ওই চিকিৎসক এবং ক্লিনিকটির যাবতীয় কাগজপত্র নিয়ে ক্লিনিক মালিককে ইউএনওর কার্যালয়ে দেখা করতে বলেছি। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’