লোহাগড়ায় ব্যবসায়ী খুন, উখিয়ায় ছাত্রলীগ নেতাকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ায় গত শুক্রবার রাতে সন্ত্রাসীরা এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী গতকাল শনিবার দোকানপাট ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এ ছাড়া কক্সবাজারের উখিয়া উপজেলায় একই রাতে সন্ত্রাসীদের গুলিতে আনোয়ারুল ইসলাম সিফাত (২৫) নামের এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।লোহাগড়া: পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, উপজেলার আমডাঙ্গা গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য এবং পোলট্রি ও ফ্লাক্সিলোড ব্যবসায়ী হিরু মোল্লা (৪৭) গত শুক্রবার রাত আটটার দিকে এলাকার সিডি বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। সিডি উচ্চবিদ্যালয়ের কাছাকাছি পৌঁছানোর পর অজ্ঞাত সন্ত্রাসীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে এলাকাবাসী উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।নিহত ব্যক্তির আত্মীয়স্বজনদের অভিযোগ, কিছুদিন আগে ফ্লেক্সিলোড নিয়ে পাশের চাচাই গ্রামের রবিউলের সঙ্গে হিরু মোল্লার ঝগড়া হয়েছিল। এর জের ধরেই চাচাই গ্রামের লোকজন তাঁকে হত্যা করতে পারে। এ ঘটনায় আমডাঙ্গা গ্রামের লোকজন গতকাল সকালে সিডি বাজারে চাচাই গ্রামের লোকজনের মালিকানাধীন আটটি দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ নয়টি ফাঁকা গুলি ছোড়ে।লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, খুনের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। সিডি বাজার এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।উখিয়া: পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত সিফাত টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক। তাঁর বাড়ি বাহারছড়া ইউনিয়নের শামলাপুর নয়াপাড়া গ্রামে। গত শুক্রবার সন্ধ্যায় তিন বন্ধুকে নিয়ে তিনি স্ত্রীর নানার বাড়ি উখিয়ার মনখালী গ্রামে বেড়াতে যান। সেখান থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে রাত ১০টার দিকে সমুদ্রসৈকতের মেরিন ড্রাইভ সড়কের চেপখালীর ঢালা নামক স্থানে পৌঁছানোর পর সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এরপর এলাকাবাসী তাঁকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শংকর চক্রবর্তী জানান, সিফাতের পেটে গুলি লেগেছিল। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ভোর পাঁচটার দিকে তিনি মারা যান। খবর পেয়ে টেকনাফ থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাপাতাল মর্গে পাঠায়।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়াজ মাহমুদ জানান, এ ঘটনায় নিহত ব্যক্তির মা সাহারা খাতুন থানায় একটি হত্যা মামলা করেছেন। এতে সিফাতের দুই বন্ধু টেকনাফের লেঙ্গুরবিল গ্রামের আবদুল্লাহ ও সিরাজুল ইসলাম সাকীসহ অজ্ঞাত ১০ জনকে আসামি করা হয়েছে। হত্যাকারীদের ধরতে পুুলিশ অভিযান চালাচ্ছে।