লোহাগড়ায় ভিজিএফের চাল জব্দ, গ্রেপ্তার ৩
নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নে দুস্থদের জন্য বরাদ্দ দেওয়া ঈদের বিশেষ ভিজিএফের ১৬০ কেজি চাল জব্দ করেছে পুলিশ। গত বৃহস্পতিবার উপজেলার সারুলিয়ার বটতলা থেকে চাল জব্দ করা হয়। এ চাল আত্মসাতের অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের এক সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার হওয়া তিনজন হলেন কাশিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নাজমা বেগম (২৮), তাঁর স্বামী রেজা শেখ ও ভিজিএফের চালের ক্রেতা সারুলিয়া গ্রামের আসমা খানম (২৮)। এ ঘটনায় ওই ইউপির চেয়ারম্যান মতিয়ার রহমান বাদী হয়ে গ্রেপ্তার হওয়া তিনজনের বিরুদ্ধে বৃহস্পতিবার লোহাগড়া থানায় মামলা করেছেন। ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান দাবি করেন, বৃহস্পতিবার দুপুরে ভ্যানে করে ১৬০ কেজি চাল নিয়ে যাওয়ার সময় এ ইউনিয়নের সারুলিয়া বটতলা থেকে স্থানীয় জনগণ আসমা খানমকে চালসহ আটক করে পুলিশে খবর দেয়। এ সময় নারী ইউপি সদস্য ও তাঁর স্বামী সেখানে উপস্থিত হলে পুলিশ আসমাসহ তাঁদেরও আটক করে।লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনা মাসুদ-উজ্জামান বলেন, ওই নারী ইউপি সদস্য তাঁকে জানিয়েছেন, তাঁর স্বামী এসব চাল ভিজিএফ কার্ডধারীদের কাছ থেকে কিনেছেন কিন্তু বিষয়টি তা নয়। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম হোসেন জানান, ওই তিনজনকেই ইউপি চেয়ারম্যানের মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।