লোহাগড়ায় মালিক সেজে অন্যের বাগানের গাছ বিক্রি
মালিক সেজে অন্য এক নারীর ৩০ লাখ টাকার গাছ বিক্রি করে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে নড়াইলের লোহাগড়া উপজেলার রামপুর গ্রামে। এ ঘটনায় ওই নারী ২৫ আগস্ট তিনজনের বিরুদ্ধে লোহাগড়া থানায় মামলা করেছেন।মামলার আসামিরা হলেন এড়েন্দা গ্রামের কাঠ ব্যবসায়ী মো. জাহিদ (৩৫) এবং রামপুর গ্রামের আজিজুর রহমান বিশ্বাস (৩৮) ও তাঁর বড় ভাই মোস্তাক হোসেন বিশ্বাস (৪০)। পুলিশ তাঁদের গ্রেপ্তার করতে পারেনি।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার জগিয়া গ্রামের আবুল হোসেন ৩০ বছর আগে রামপুর গ্রামে ৩৩ শতাংশ জমি কেনেন।ওই সময় তিনি ওই জমিতে বাগান করে সেখানে আম, কাঁঠাল, মেহগনিসহ বিভিন্ন প্রজাতির ২০০ গাছের চারা লাগান। কয়েক বছর আগে তিনি মারা যান।এরপর থেকে তাঁর স্ত্রী রোকেয়া বেগম ও ছেলে আতা তুর্কী গাছগুলো দেখভাল করছেন। চলতি মাসে দুর্বৃত্তরা ওই বাগানের ১০৩টি গাছ কেটে নিয়ে যায়। এ ঘটনায় রোকেয়া বেগম মামলা করেন।মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, ‘আসামিরা আমার বাগান থেকে ২২টি কাঁঠাল, ৭২টি মেহগনি, পাঁচটি সেগুন, একটি রয়নাসহ মোট ১০৩টি গাছ কেটে নিয়ে গেছে। ১০ আগস্ট থেকে ২৪ আগস্টের মধ্যে গাছগুলো কাটা হয়। বাগান থেকে বাড়ি ১০-১২ কিলোমিটার দূরে হওয়ায় গাছ কেটে নেওয়ার ঘটনাটি আমরা যথাসময়ে জানতে পারিনি।’গত বৃহস্পতিবার রামপুর গ্রামে গিয়ে গাছ কেটে নিয়ে যাওয়ার ঘটনার সত্যতা পাওয়া গেছে। আজিজুর রহমান বিশ্বাস দাবি করেন, তিনি ও তাঁর ভাই গাছ কাটার সঙ্গে জড়িত নন। তিনি বলেন, ‘শুনেছি এক ব্যক্তি গাছের মালিক সেজে কাঠ ব্যবসায়ীজাহিদের কাছে গাছগুলো বিক্রি করেছেন। আমাদের ষড়যন্ত্রমূলকভাবে এ ঘটনার সঙ্গে জড়ানো হয়েছে।’মো. জাহিদ গাছ কেটে নেওয়ার কথা স্বীকার করে বলেন, রোকেয়া বেগমের ছেলে পরিচয় দিয়ে জাহিদ নামের এক ব্যক্তি তাঁর কাছে গাছগুলো বিক্রি করেছেন।তিনি বিক্যাশের মাধ্যমে গাছের মূল্য বাবদ ওই ব্যক্তিকে ইতিমধ্যে ৭০ হাজার টাকা দিয়েছেন। এ কারণে তিনি গাছগুলো কেটে নিয়ে গেছেন।রোকেয়া বেগম বলেন, ‘আমার ছেলের নাম আতা তুর্কী। সে গাছ বিক্রি করেনি।’ আতা তুর্কীও একই কথা বলেন। মামলার তদন্ত কর্মকর্তা লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) ময়েনউদ্দীন বিশ্বাস প্রথম আলোকে বলেন, কিছু কাঠ জাহিদের কাছ থেকে জব্দ করা হয়েছে। গাছগুলো কাঠ ব্যবসায়ী জাহিদ কেটে নেওয়ার কথা স্বীকার করেছেন। ঘটনা তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।