লোহাগড়ায় মোটরসাইকেল চালকদের মধ্যে আতঙ্ক
নড়াইলের লোহাগড়া উপজেলায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। মোটরসাইকেল ছিনতাইকারীদের হাতে অহরহ চালক খুনের ঘটনায় এ আতঙ্কের সৃষ্টি হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলায় মোটরসাইকেলে যাত্রী বহন করে যে ভাড়া পান তা দিয়ে সংসার চালান এমন চালকের সংখ্যা প্রায় ৫০০।বিভিন্ন সূত্রে জানা গেছে, গত সোমবার রাত নয়টার দিকে পারমল্লিকপুর-বাকা রাস্তায় চালককে বেদম মারধর করে গাছের সঙ্গে বেঁধে যাত্রীবেশে ছিনতাইকারীরা মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়। ওই মোটরসাইকেলের চালক ওমর আলী বলেন, ‘ছিনতাইকারীরা কেউ কেউ বলছিল ওকে মেরে ফেল, শেষ পর্যন্ত খুন না করেই চলে গেছে।’গত ৩০ আগস্ট রাতে যাত্রীবেশে ছিনতাইকারীরা চালক জিল্লুর রহমানকে কুপিয়ে হত্যা করে তাঁর মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত লোহাগড়ার চরকালনা গ্রামের লোকজন দুই ছিনতাইকারীকে তিনটি ককটেলসহ ধরে পুলিশে সোপর্দ করে। এর আগে কালনা গ্রামের আরেক চালক রবিউলকে খুন করে তাঁর মোটরসাইকেল নিয়ে যায় ছিনতাইকারীরা। রবিউলের লাশ পাওয়া যায় লোহাগড়ার মদিনাপাড়ার পুকুরে।উপজেলার আমডাঙ্গা গ্রামের চালক মুনির মোল্লা (৩৫) বলেন, ‘জমিজমা বিক্রি করে মোটরসাইকেল কিনিছি। ভাড়ায় চালায়ে এ দিয়ে সংসার চলছে। কখন ছিনতাইকারীরা মোটরসাইকেল ছিনিয়ে নেয় কিংবা খুন করে কে জানে। এখন সবাই ভয়ে আছি।’লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) হাফিজ ইকবাল বলেন, ‘ছিনতাইকারীরা মোটরসাইকেল ছিনিয়ে নিতে এদের ভাড়া করে দুর্গম এলাকায় নিয়ে যায়। ছিনতাইয়ে বাধা দিলে চালককে খুন করে। এ জন্য চালকদের রাতে মোটরসাইকেল চালাতে নিষেধ করেছি, কিন্তু তারা নিষেধ মানে না।’