লোহাগড়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলায় মিরাজ ফকির (৪০) নামের যুবদলের এক নেতা সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। তিনি উপজেলার কাশিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি। তাঁর বাড়ি উপজেলার সারুলিয়া গ্রামে।গত শনিবার রাত সাড়ে আটটার দিকে নিজ বাড়ির কাছে একটি মুদি দোকানের সামনে দুর্বৃত্তরা কুপিয়ে মিরাজকে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। মিরাজের ভাই সিরাজুল ইসলাম ফকির বলেন, রাজনৈতিক প্রতিহিংসা এবং আধিপত্য বিস্তার করতে এ হামলা চালানো হয়েছে। প্রত্যক্ষদর্শী সারুলিয়া গ্রামের লিটু মোল্লা জানান, ধারালো অস্ত্র নিয়ে সারুলিয়া গ্রামের আওয়ামী লীগ-সমর্থিত রওশন কাজী, বাদশা কাজী, কালা খান, পদ্মবিলা গ্রামের চন্টে ও এড়েন্দা গ্রামের নুরুসহ ১০-১২ জন সন্ত্রাসী মিরাজের ওপর অতর্কিত হামলা চালিয়ে সটকে পড়ে।উপজেলা বিএনপির সভাপতি জি এম নজরুল ইসলাম বলেন, ‘বিএনপির রাজনীতি করে বলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা মিরাজের ওপর এ হামলা চালিয়েছে।’ উপজেলা আওয়ামী লীগের সভাপতি দৌলত আহমেদ খান বলেন, ‘রওশন কাজী, বাদশা কাজী, চন্টে ও নুরু আওয়ামী লীগের লোক। তবে এটা স্থানীয় গোলমাল, রাজনৈতিক নয়। বিএনপির আমলে মিরাজ ফকির নুরুসহ ওই এলাকার অনেকের হাত-পা কেটেছে। এখন মিরাজকে তার ফল ভোগ করতে হচ্ছে।’লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) মীর মনিরুজ্জামান বলেন, এটি স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির রাজনৈতিক গোলমাল। এখনো কেউ গ্রেপ্তার হয়নি। খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।