বিএনপির খুলনা বিভাগীয় মহাসমাবেশে যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ১০ জন নেতা-কর্মীর মরদেহ গতকাল সোমবার সকালে নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে সকাল ১০টায় কাশিপুর মাদ্রাসার মাঠে তাঁদের জানাজা হয়। দলের কেন্দ্রীয় নেতারা জানাজার আগে দলীয় পতাকা দিয়ে তাঁদের কফিন ঢেকে দেন। জানাজায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মো. তরিকুল ইসলাম, খুলনা মহানগর বিএনপির সভাপতি সাংসদ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সাংসদ এম নূরুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান জানান, এ দুর্ঘটনায় দেশব্যাপী বিএনপি আজ (গতকাল সোমবার) শোক দিবস পালন করছে। আগামী শুক্রবার বিকেল চারটায় উপজেলার কাশিপুর উচ্চবিদ্যালয় মাঠে নিহত ব্যক্তিদের স্মরণে সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।খুলনায় যাওয়ার পথে নেতা-কর্মীদের বহনকারী বাসটির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হন। এদের ১০ জনের বাড়ি লোহাগড়ায়। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। থামছে না আহাজারি: রোববার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে গভীর রাতে ট্রাকে করে মরদেহগুলো বাড়িতে আনা হয়। এ সময় স্বজনদের আহাজারিতে উপস্থিত সবার চোখে পানি আসে। নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন রামেশ্বপুর গ্রামের নূর ইসলাম ও আশরাফ। দুজনই দিনমজুর। জীর্ণশীর্ণ পাটকাঠির ঘরে তাঁদের বসবাস। নূরুল ইসলামের কোনো ভাইবোন নেই। তিন মেয়ের মধ্যে বড় দুজন প্রাথমিক বিদ্যালয় পড়ে। স্ত্রী মেরি বেগম অন্তঃসত্ত্বা। আশরাফের স্ত্রী রেকসোনা বেগম একমাত্র মেয়ে ফারজানাকে (৪) কোলে নিয়ে বিলাপ করছিলেন। তিনি বলেন, ‘আমার সব শেষ হয়ে গেল।’