লোহাগড়ায় সংঘর্ষ ভাঙচুর, পুলিশসহ আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার তালবাড়িয়া গ্রামে রোববার রাতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় তিন পুলিশসহ উভয় পক্ষের প্রায় ২৫ জন আহত হয়েছে। এ সময় ১০টি দোকান ও পাঁচটি বাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে। আহত ব্যক্তিদের মধ্যে তিন পুলিশসহ ১৭ জনকে আশঙ্কাজনক অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গ্রামবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তালবাড়িয়া গ্রামের সৈয়দ আক্কেল আলী ও মালেক মোল্লার সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। বৃহস্পতিবার মালেক মোল্লার পক্ষের হিরু খাঁর কুকুর আক্কেল আলীর পক্ষের আবীর মোল্লার ছাগলকে কামড় দেয়। এ ঘটনায় আবীর মোল্লার লোকজন রোববার সন্ধ্যায় হিরু খাঁর ছেলে ইব্রাহিম খাঁকে রামদা ও সড়কি দিয়ে কোপায়। পরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। লোহাগড়া থানার উপপরিদর্শক জি জি বিশ্বাস জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩৩টি গুলি ছোড়ে। সংঘর্ষ থামাতে গিয়ে ইটের আঘাতে সহকারী উপপরিদর্শক সঞ্জিত মণ্ডল, কনস্টেবল আবুল হোসেন ও লিয়াকত আলী আহত হন।