লোহাগড়ায় সংঘর্ষে আহত ১৫, বাড়িঘর ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পর নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়ন উত্তপ্ত হয়ে উঠেছে। গত চার দিনে উভয়পক্ষের অন্তত ১৭টি বাড়ি ভাঙচুর ও লুটপাট হয়েছে। আহত হয়ে ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ভয়ে রায়গ্রাম-কলাগাছির সংখ্যালঘু পরিবারের পুরুষ সদস্যরা বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।উভয় পক্ষের আহত ব্যক্তিরা লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নড়াইল সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার এ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফয়জুল আমির চার হাজার ৮৭৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফয়জুল হক পান চার হাজার ১৩৮ ভোট।এলাকাবাসী সূত্রে জানা গেছে, নির্বাচনের ফলাফল ঘোষণার পর সন্ধ্যায় বিজয়ী প্রার্থীর সমর্থকেরা নোয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে বিজয় মিছিল সহকারে মানিকগঞ্জ বাজারে যাওয়ার পথে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা তাদের ওপর হামলা চালান। রাতে পরাজিত প্রার্থীর সমর্থকেরা শুলটিয়া গ্রামের হাই শেখের দুটি ঘর ভাঙচুর ও লুটপাট করেন। এ খবরে পুরো ইউনিয়নে রাতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরদিন বৃহস্পতিবার সকালে খবর ছড়িয়ে পড়ে পরাজিত প্রার্থীর সমর্থকেরা শুলটিয়া গ্রামের আবুল খায়েরকে ধরে নিয়ে গেছে এবং বিজয়ী চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রেখেছে। এ খবরে নোয়াগ্রাম, তেলিগাতি, শামুকখোলা, আড়পাড়া, শুলটিয়া, ছত্রহাজারি, মাধবহাটি ও দেবী গ্রামের বিজয়ী প্রার্থীর সমর্থকেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শুলটিয়ায় যান। সেখানে দুই পক্ষের সংঘর্ষের পর পরাজিত প্রার্থীর সমর্থকেরা পালিয়ে যান। পরে বিজয়ী প্রার্থীর সমর্থকেরা বেশ কিছু ঘরবাড়ি ভাঙচুর করেন।শুক্রবার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের আলাউদ্দিনকে বাজারে এবং বাড়িভাঙ্গা গ্রামের কলেজছাত্র রবিউলকে বিজয়ী চেয়ারম্যানের সমর্থকেরা মারধর করেন। এসব কারণে ব্রাহ্মণডাঙ্গা বাজারের চারপাশের গ্রাম রায়গ্রাম কলাগাছি, হালনা, বাড়িভাঙ্গা, চরব্রাহ্মণডাঙ্গা, ব্রাহ্মণডাঙ্গা ও কাঞ্চনপুরে পরাজিত প্রার্থীর সমর্থকেরা ভয়ে আছেন। তাঁরা ভয়ে বাজারেও যেতে পারছেন না। এদিকে রায়গ্রাম-কলাগাছি গ্রামের পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থক সংখ্যালঘু পরিবারের পুরুষ সদস্যরা ভয়ে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। গ্রামের মুরারি মোহন সরকারের স্ত্রী সুনিতা সরকার বলেন, গ্রামের বিজয়ী প্রার্থীর সমর্থকেরা বাড়িতে এসে ভয়ভীতি দেখাচ্ছেন ও চাঁদা দাবি করছেন। লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. হাফিজ ইকবাল বলেন, রায়গ্রাম-কলাগাছিতে পুলিশ ঘুরে এসেছে। তাদের আশ্বস্ত করা হচ্ছে। বিজয়ী চেয়ারম্যানও সেখানে যাবেন তাঁদের সঙ্গে কথা বলতে। ফয়জুল হক বলেন, ‘বিজয়ী চেয়ারম্যানের লোকজন এখন ভাঙচুর ও লুটপাট চালাচ্ছে। আমার সমর্থকেরা অনেকে ভয়ে বাড়ি ছেড়েছে ও দোকানপাট বন্ধ রেখেছে।’ সৈয়দ ফয়জুল আমির বলেন, ‘আমার লোকজন কারও বাড়ি ভাঙচুর করেনি বরং পরাজিত চেয়ারম্যানের লোকজন বাড়ি ভাঙচুর করলে আমার সমর্থকেরা তাদের সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদ করেছে। ভোটে পরাজিত হয়ে তারা অত্যাচার করছে।’