লোহাগড়ায় সংঘর্ষে নিহত ১
নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া ইউনিয়নের চরকরফা গ্রামে গত রোববার দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মশিয়ার মুন্সী (৪০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। আহত হয়েছেন ১৭ জন। এ ঘটনার জের ধরে গতকাল সোমবার দুপুর পর্যন্ত ১৬টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট হয়েছে।নিহত ব্যক্তির ছেলে শিমুল মুন্সী রোববার রাতে লোহাগড়া থানায় ৪৬ জনের নামে মামলা করেছেন। পুলিশ এজাহারভুক্ত আসামি আইয়েব আলীকে রোববার রাতেই গ্রেপ্তার করেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামে ইউপি সদস্য গোলাম রসুল শিকদার ও সোবহান শিকদার পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। রোববার সকালে সোবহান শিকদার পক্ষের আলিপ সরদার নিজ বাড়ির একটি ঘর ভেঙে নিতে গেলে গোলাম রসুল শিকদার পক্ষের লোকজন বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে সোবহান শিকদার পক্ষের মশিয়ার মুন্সী সড়কির আঘাতে নিহত হন। এ ঘটনায় আহত জাহাঙ্গীর শিকদার, মোফাজ্জেল মুন্সী, জুয়েল সরদার ও সোবহান শিকদারকে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হত্যাকাণ্ডের পর মিজান শিকদার, সাহিদ শেখ, কিনু শিকদারসহ ১৬ জনের বাড়ি ভাঙচুর ও লুটপাট হয়েছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব খান গতকাল বিকেলে বলেন, এলাকায় পুলিশ মোতায়েন আছে।