লোহাগড়ায় সংঘর্ষে নিহত ১
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের বাড়িভাঙ্গা, হান্দলা, চরব্রাহ্মণডাঙ্গা ও ব্রাহ্মণডাঙ্গা গ্রামের লোকজন ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে। শুক্রবার সন্ধ্যায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে হান্দলা গ্রামের ইউসুফ মোল্লার ছেলে মোশারেফ মোল্লা (৩৫) নিহত হন। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। আহত ব্যক্তিদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, নড়াইল সদর হাসপাতাল ও লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, নোয়াগ্রাম ইউনিয়নের বাড়িভাঙ্গা, হান্দলা, চরব্রাহ্মণডাঙ্গা ও ব্রাহ্মণডাঙ্গা গ্রাম আধিপত্য বিস্তার নিয়ে দুই ভাগে বিভক্ত। এর এক পক্ষের নেতৃত্ব দেন নোয়াগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ব্রাহ্মণডাঙ্গা গ্রামের নূরুজ্জামান নূরনবী, চরব্রাহ্মণডাঙ্গা গ্রামের মাতব্বর আবু মিয়া ও নাজির মোল্লা। অন্য পক্ষের নেতৃত্বে আছেন ব্রাহ্মণডাঙ্গার মাহাবুবুর রহমান, জাফর মোল্লা ও সাইদার মোল্লা। পুলিশ, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ব্রাহ্মণডাঙ্গা এতিমখানার সভাপতি নূরুজ্জামান নূরনবী। এই এতিমখানার অর্থ আত্মসাতের অভিযোগ করেন প্রতিপক্ষ। এ নিয়ে বেশ কিছুদিন ধরে ছোটখাটো সংঘর্ষ চলছিল। এ ছাড়া বাড়িভাঙ্গা খালে মাছ ধরা, জমিজমা নিয়ে দ্বন্দ্ব ও ব্রাহ্মণডাঙ্গা বাজারে প্রভাব সৃষ্টি নিয়ে দ্বন্দ্ব চলছিল। শুক্রবার সন্ধ্যায় নূরুজ্জামান নূরনবী, আবু মিয়া ও নাজির মোল্লার পক্ষের লোকজন প্রতিপক্ষের বাড়িভাঙ্গা গ্রামের হুমায়ুনকে মারতে পিছু নিয়ে তার বাড়ি ভাঙচুর করে একই গ্রামের হাফিজার মাস্টারের বাড়িতে হামলা চালায়। এ সময় প্রতিপক্ষ ব্যক্তিরা ওই জায়গায় এলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ওই চার গ্রামের লোকজন জড়িয়ে পড়ে। এ সময় নূরুজ্জামান নূরনবী পক্ষের মোশারেফ মোল্লা (৩৫) বুকে সড়কিবিদ্ধ হন। নড়াইল সদর হাসপাতালে নেওয়া পর তাঁর মৃত্যু হয়।