লোহাগড়ায় স্ত্রীকে এসিড নিক্ষেপের অভিযোগ
নড়াইলের লোহাগড়ায় কলেজছাত্রী হেলেনা খানমের (২০) শরীর এসিডে ঝলসে দেওয়া হয়েছে। গত রোববার দুপুরে উপজেলার পাচুড়িয়া গ্রামে শ্বশুরবাড়িতে হেলেনার ওপর তাঁর স্বামী ইমদাদুল হক ওরফে সাগর (২৮) এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হেলেনা লক্ষ্মীপাশা আদর্শ মহিলা কলেজের স্নাতক শ্রেণীর ছাত্রী। গুরুতর অবস্থায় তাঁকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা করেছেন হেলেনার বাবা শেখ হাবিবুর রহমান। মামলার আসামিরা হলেন—হেলেনার স্বামী সাগর, শ্বশুর আইউব হোসেন, শাশুড়ি রোকেয়া বেগম ও ননদ সুমী খানম। পারিবারিক সূত্রে জানা গেছে, হেলেনা ও সাগর আপন চাচাতো ভাইবোন। দুই বছর আগে তাঁরা গোপনে বিয়ে করেন। হেলেনার বাবা শেখ হাবিবুর রহমান জানান, তখন পারিবারিকভাবে এ বিয়ে মেনে না নিলে সাগর হেলেনাকে এসিড নিক্ষেপের ভয় দেখান। বাধ্য হয়ে পারিবারিকভাবে আবার বিয়ে দেওয়া হয়। কিন্তু বিয়ের পর থেকে স্বামী-স্ত্রী ও দুই পরিবারের মধ্যে কলহ চলতে থাকে। তিনি মেয়েকে স্নাতক শ্রেণীতে ভর্তি করে লেখাপড়া চালিয়ে যেতে বলেন। কিন্তু সাগর বিষয়টি মেনে নেন না।হাবিবুর রহমান অভিযোগ করেন, সাগর শেয়ার ব্যবসার নামে মেয়ের সব স্বর্ণালঙ্কার বিক্রি করে দেন। বিভিন্ন সময় তাঁর কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকা নিয়েছেন। মেয়েকে প্রায়ই নির্যাতন করেন স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ননদ। কয়েক দিন ধরে বাবার বাড়ি থেকে পাঁচ লাখ টাকা এনে দিতে বলছেন সাগর। কিন্তু হেলেনা রজি না হওয়ায় তাঁকে এসিডে ঝলসে দিয়েছেন। হেলেনার বড় ভাই আবুল হাসান জানান, সাগর তাঁদের ঘরে ঘুমন্ত অবস্থায় হেলেনার শীরের এসিড ঢেলে দেন। হেলেনার চিৎকারে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমান তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক (আরএমও) লূৎফুন্নাহার জানান, হেলেনার মুখমণ্ডল, গলা, দুই চোখ ও বাঁ হাত মারাত্মক দগ্ধ হয়েছে। এ ব্যাপারে সাগরদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম হোসেন জানান, আসামিরা পালাতক, গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।