লোহাগড়ায় ৩০ দরিদ্র পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার মাইটকুমড়া আশ্রয়ণকেন্দ্রে অগ্নিকাণ্ডে তিনটি ব্যারাকের ৩০টি পরিবারের সর্বস্ব পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সব হারিয়ে আহাজারি ও বিলাপ করছেন।উপজেলা প্রশাসন জানিয়েছে, এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৭৫ লাখ টাকা। বুধবার সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ও নড়াইল থেকে আসা ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, সাহেরা বেগম (৬৫) ভসঞ্চীভূত স্তূপের ওপর বসে বিলাপ করছেন আর বলছেন, ‘এক মেয়ে নিয়ে এখানে থাকি। আমার সব শেষ হয়ে গেছে। এখন বাঁচব কীভাবে?’ইতি বেগম (৪৫) বলেন, ‘স্বামীর ভ্যান চালানোর ওপর পাঁচজনের সংসার চলে। সেই ভ্যানসহ ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এখন সংসার চলবে কী করে?’ রেনু বেগম (৭৫) বলেন, ‘পরনের কাপড় ছাড়া আর কিছু নেই।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেবেকা খান জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মো. জহুরুল হক ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৩০ কেজি চাল ও পাঁচ হাজার টাকা করে দিয়েছেন।