লোহাগড়ায় ৬৫টি টেলিফোনের সংযোগ বিচ্ছিন্ন
নড়াইলের লোহাগড়া উপজেলায় বিটিসিএলের মূল লাইনের কেব্ল আবারও চুরি হয়েছে। এতে ২০ দিন ধরে ৬৫টি টেলিফোনের সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। ফলে লোহাগড়া বাজারের ব্যবসায়ী, ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও অন্য শ্রেণী-পেশার মানুষ ভোগান্তিতে পড়েছেন।
গত ১৫ জানুয়ারি রাতে লোহাগড়ার নবগঙ্গা নদীর ওপর নির্মিত সওজের সেতুর কাছে পানির নিচ দিয়ে নেওয়া ওই কেব্ল চুরি হয়। দুই বছর আগে একই জায়গার কেব্ল চুরি হওয়ায় প্রায় এক বছর এসব টেলিফোনের সংযোগ বিচ্ছিন্ন ছিল। গত বছর লাইন মেরামত করে পানির নিচ দিয়ে এই কেব্ল নেওয়া হয়। বিটিসিএল নড়াইলের সহকারী বিভাগীয় প্রকৌশলী মো. কওছার আলী জানান, ওই স্থান থেকে ১৪৫ মিটার কেব্ল চুরি হয়েছে। তাই লোহাগড়া সদরের ৬৫টি টেলিফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ওই টেলিফোনগুলোর পুনঃ সংযোগের ব্যবস্থা করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ভুক্তভোগী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লোহাগড়া শাখার ব্যবস্থাপক সৈয়দ শাহজাহান আলী বলেন, টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন থাকায় ব্যাংকের কার্যক্রম ব্যাহত হচ্ছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, ‘কেব্ল চুরির ঘটনার পরদিন লোহাগড়া থানায় সাধারণ ডায়েরি করা হয়। এখন এ ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া যায় তা খতিয়ে দেখছি।’