লোহার আকরিকের মজুত জানতে আরও জরিপ প্রয়োজন
মাত্র একটি স্থানে ড্রিলিং করে লোহার আকরিক (ম্যাগনেটাইট) ও চুনাপাথরের সন্ধান পেলেও এর মজুতের পরিমাণ এবং উত্তোলন করা লাভজনক হবে কি না, তা এখনই বলা যাবে না। এর জন্য আরও জরিপ এবং বিভিন্ন স্থানে কূপ খনন করা প্রয়োজন। দিনাজপুরের হাকিমপুর উপজেলার মুশিদপুরে সদ্য আবিষ্কৃত লোহার আকরিকের খনির খননকাজে নিয়োজিত ভূতত্ত্ববিদ ও প্রকৌশলীরা এমন মত দিয়েছেন। গত সোমবার দুপুরে খনন এলাকায় গিয়ে দেখা যায়, কাজ শেষ। ড্রিলিং মেশিন বন্ধ। মাথার ওপরে টিনের চালা ও চারদিকে টিনের বেড়াঘেরা ড্রিলিং অফিসের মেঝেতে বিছানো আছে ভূগর্ভের বিভিন্ন স্তর থেকে উত্তোলিত বালু, গ্রানাইট, চুনাপাথর ও লোহার আকরিকের নমুনা। প্রতিটি নমুনার গায়ে গভীরতার পরিমাণ উল্লেখ করা আছে। হাকিমপুরের এই স্থানে লোহার আকরিক ও চুনাপাথর থাকতে পারে কীভাবে জানা গেল, এমন প্রশ্নের জবাবে খননকাজে নিয়োজিত ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের (জিএসবি) সহকারী পরিচালক ড্রিলিং প্রকৌশলী মাসুদ রানা প্রথম আলোকে বলেন, ড্রিলিং করার আগে গত ডিসেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি এই দুই মাস জেএসবির জিওফিজিক্যাল (ভূ-পদার্থিক) টিমের সদস্যরা কাজ করে যান। তাঁদের দেওয়া প্রতিবেদনে এক হাজার ৩০০ ফুট গভীরে কঠিন শিলা পাওয়ার সম্ভাবনার কথা বলা হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতেই বর্তমান খননকাজ করা হয়। অপর সহকারী পরিচালক ড্রিলিং প্রকৌশলী মো. মিনহাজুল ইসলাম বলেন, গত ২২ মার্চ থেকে ড্রিলিং শুরু হয়। দিন-রাত একটানা ২৪ ঘণ্টা কাজ করার পর ২৭ মে কাজ শেষ হয়। ড্রিলিং প্রতিবেদন তৈরি করে মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। এরপর খনি বাস্তবায়নে পরবর্তী পদক্ষেপ বিষয়ে মন্ত্রণালয় তথা সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হবে। খনির বিস্তৃতি, আয়তন ও মজুতের পরিমাণের বিষয়ে জানতে চাইলে সহকারী পরিচালক (ভূতত্ত্ব) মো. নুরুজ্জামান বলেন, এ ব্যাপারে নিশ্চিত জানতে আরও কিছু ভূ-পদার্থিক জরিপ করা প্রয়োজন। এরপর আবার ড্রিলিং করার পর লোহার আকরিক, চুনাপাথর, গ্রানাইট কোথায় কী পরিমাণ মজুত আছে, কী পরিমাণ উত্তোলন করা যাবে; উত্তোলন করা লাভজনক হবে কি না, সব জানা যাবে। এই মুহূর্তে প্রথম ড্রিলিং কাজের অর্থ বরাদ্দ, সময় ও কাজ শেষ হয়েছে।