লোহার খাঁচায় ট্রান্সফরমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাশাপাশি দুটো খুঁটি। মাঝখানে লোহার খাঁচা। ভেতরে ট্রান্সফরমার। মুখে একটি তালা মেরে পুরো খাঁচা শেকল দিয়ে দুটো খুঁটির সঙ্গে বেঁধে রাখা। সিলেটের দক্ষিণ সুরমায় কামালবাজারে পল্লী বিদ্যুতের দুটো খুঁটির মধ্যে এই ট্রান্সফরমারটি এক সপ্তাহের মাথায় দুবার চুরি হওয়ায় গ্রাহকেরা এই কৌশল অবলম্বন করেন। লোহার খাঁচায় রাখার পর গত প্রায় দেড় বছরে আর চুরি হয়নি।পল্লী বিদ্যুৎ সিলেট-১-এর আওতায় সাত উপজেলায় ট্রান্সফরমার চুরি অনেকটা হিড়িকের পর্যায়ে চলে যায়। তখন সংশ্লিষ্ট লোকেরা চুরির বিরুদ্ধে গ্রাহকসচেতনতা তৈরি করে। কামালবাজারের লোহার খাঁচাবন্দী ট্রান্সফরমারকে একটি সফল উদ্যোগ হিসেবে অভিহিত করছেন তাঁরা। পবিস-১-এর কর্মকর্তা আবদুল খালেক জানান, গ্রাহকসেবা নীতিমালা অনুযায়ী তৃতীয় পর্যায়ে ট্রান্সফরমার চুরি গেলে ক্ষতির পুরোটাই গ্রাহকদের বহন করতে হয় বলে চুরি ঠেকাতে ব্যাপক জনসচেতনতা তৈরি করতে সহায়তা করা হয়। এ ক্ষেত্রে গ্রাহকদের সচেতনতামূলক যেকোনো পদক্ষেপে কর্তৃপক্ষ একাত্ম।চুরি ঠেকাতে গ্রাহক-উদ্যোগে এ রকম একটি এলাকায় ট্রান্সফরমার লোহার খাঁচাবন্দী করে রক্ষা করা গেলেও পল্লী বিদ্যুৎ সিলেট-১-এর অধীন সিলেটের সাত উপজেলায় ট্রান্সফরমার রক্ষা করা যাচ্ছে না। পল্লী বিদ্যুৎ বিভাগের হিসাবে, গত চার মাসে (নভেম্বর ২০১০ থেকে ফেব্রুয়ারি ২০১১) ৫৬টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এর মধ্যে চার মাসে সর্বাধিক ৩১টি ট্রান্সফরমার চুরি হয়েছে সিলেটের বিশ্বনাথ উপজেলায়। গত বছরের নভেম্বর থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত ১৩টি ট্রান্সফরমার চুরি হলেও ৮ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারির মধ্যে ১৮টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এ ছাড়া গত চার মাসে বালাগঞ্জে ১২টি, ফেঞ্চুগঞ্জে পাঁচটি, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে তিনটি করে এবং জকিগঞ্জে দুটি ট্রান্সফরমার চুরি হয়েছে।বিশ্বনাথে পল্লী বিদ্যুতের গ্রাহকদের অভিযোগ, নতুন ট্রান্সফরমার সংযোজন করার পর গ্রাহকদের নজরদারি থাকার মধ্যেই চুরি হয়েছে। এ ক্ষেত্রে চোরচক্রের সঙ্গে পল্লী বিদ্যুতে কর্মরতদের সংশ্লিষ্টতা থাকার বিষয়ে গ্রাহকেরা সন্দেহ প্রকাশ করেছেন। এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ বিশ্বনাথ অঞ্চল কার্যালয়ের উপমহাব্যবস্থাপক এম আলম হোসেন বলেন, অভিযোগটি মোটেও সত্য নয়। গ্রাহকেরা কেউ ক্ষোভ থেকে এ অভিযোগ করতে পারেন। দক্ষিণ সুরমার কামালবাজারে ট্রান্সফরমার রক্ষায় গ্রাহকদের সচেতনতার কথা তাঁকে জানালে বিশ্বনাথের পল্লী বিদ্যুৎ কর্মকর্তা গ্রাহকদের সচেতন থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানান। কামালবাজারের গ্রাহকেরা জানান, শীত মৌসুমের পরপরই বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ার সময় ট্রান্সফরমার চুরির হিড়িক পড়ে। ২০০৯ সালের শেষ দিকে ওই স্থানের ট্রান্সফরমারটি এক সপ্তাহের মাথায় দুবার চুরি হওয়ায় শেষে বাজারের ব্যবসায়ীরা সম্মিলিতভাবে এ উদ্যোগ নেন।মোবারক হোসেন নামের একজন ব্যবসায়ী জানান, ট্রান্সফরমার দেখাশোনার জন্য একজন পাহারাদার রাখার খরচ বাঁচাতে চাঁদা তুলে তাঁরা লোহার খাঁচা বসিয়েছেন। এতে আর চুরি না হওয়ায় বাজারবাসী সব গ্রাহক স্বস্তির মধ্যে রয়েছেন।পল্লী বিদ্যুৎ সিলেট-১-এর মহাব্যবস্থাপক মো. শাহজাহান তালুকদার বলেন, মৌসুমের এ সময়টা বিদ্যুতের চাহিদা বেশি থাকে। আবার ট্রান্সফরমার চুরি ও বিকল হওয়ার প্রবণতাও বেশি দেখা যায়। এ জন্য গ্রাহকদের সহযোগিতা চেয়ে বিভিন্ন প্রচারকাজ চালানো হয়। ট্রান্সফরমার রক্ষায় গ্রাহকদের যেকোনো সচেতনতামূলক পদক্ষেপকে তারা অভিনন্দন জানান।