লোহার পাতের নিচে পড়ে পথচারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলার সময় লোহার পাতের নিচে চাপা পড়ে মুজিবুর রহমান (৫০) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের এক কর্মী। তাঁর নাম নূর মোহাম্মদ (৫৫)। গতকাল বৃহস্পতিবার রাতে নগরের চান্দগাঁও থানার পাঠানিয়াগোদা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুজিবুর রহমান পেশায় রিকশাচালক। পাঠানিয়াগোদা এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন তিনি। তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাঁনপুরে।

চান্দগাঁও থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঠানিয়াগোদা এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় ডোমখালী খালে প্রতিরোধ দেয়ালের নির্মাণকাজ চলছিল।

ির্মাণকাজের সময় ধস এড়াতে লোহার পাত (শিট পাইল) ব্যবহার করা হয়। গতকাল রাতে খননযন্ত্র (এক্সকাভেটর) ব্যবহার করে লোহার পাতগুলো বসানো হচ্ছিল। এ সময় একটি লোহার পাত ছিটকে যায়। এর নিচে চাপা পড়েন মুজিবুর রহমান। উদ্ধার করে নগরের পাঁচলাইশ এলাকার বেসরকারি হাসপাতাল পার্কভিউয়ে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে তাঁর মৃত্যু হয়। লোহার পাত ছিটকে আহত হয়েছেন খননযন্ত্রের চালকের সহকারী নূর মোহাম্মদ। তিনি পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন।

লোহার পাতের নিচে চাপা পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক ও সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের লেফটেন্যান্ট কর্নেল মো. শাহ আলী। তিনি প্রথম আলোকে বলেন, নির্মাণকাজ চলার সময় সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু পাঠানিয়াগোদা এলাকায় কোনো কারণে দুর্ঘটনা ঘটে গেছে। এতে একজন পথচারী নিহত হয়েছেন। আর ঠিকাদারি প্রতিষ্ঠানের এক কর্মী আহত হয়েছেন।