লোহার সেতু ভেঙে নেওয়ার অভিযোগ
ভোলার চরফ্যাশন পৌর আওয়ামী লীগের কর্মী মোসলেহ উদ্দিনের বিরুদ্ধে প্রায় ১০ লাখ টাকা মূল্যের একটি পুরাতন লোহার সেতু ভেঙে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জানাজানি হলে পৌরসভা সেতুর কিছু মালামাল জব্দ করে নিয়ে যায়। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।তবে মোসলেহ উদ্দিন বলেন, ‘সেতুটি নির্মাণাধীন সেতুর এসটিমিটে (ব্যয়ের সঙ্গে যোগ করা আছে) ধরা আছে, তাই এটা ভেঙে নিচ্ছি। ওপরের নির্দেশেই এটা ভাঙা হচ্ছে।’পৌরসভা সূত্রে জানা গেছে, পৌরসভার মান্দারতলী খালের ওপরে আমির সাহেবের বাড়ির সামনে ৫০-৬০ ফুট দীর্ঘ লোহার সেতুটি দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় পড়েছিল। পৌরসভা ওই স্থানে নতুন একটি সেতু নির্মাণের জন্য সম্প্রতি দরপত্র আহ্বান করে। ইউনুস আল মামুন কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। সেতুর কাজ এখনো শুরু হয়নি।৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আকতারুল আলম অভিযোগ করেন, সেতু দিয়ে প্রতিদিন কয়েক শ মানুষ তাদের কর্মস্থলে যায়। শিশুরা যায় স্কুলে। মোসলেহ উদ্দিন বৃহস্পতিবার প্রায় ১০ লাখ টাকা মূল্যের লোহার সেতুটি ভেঙে নিয়ে যান। কিন্তু এ জন্য কোনো দরপত্র বা নিলাম কিছুই ডাকা হয়নি। পৌরসভা জানতে পেরে কিছু মালামাল জব্দ করেছে। চরফ্যাশন পৌরসভার মেয়র আবদুস সালাম ও নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, লোহার সেতুটি তাঁরা নতুন সেতুর সঙ্গে এসটিমিট করেননি। মোসলেহ উদ্দিন নামের এক লোক সেতুটি ভেঙে নেওয়ার সময় তাঁরা কিছু মালামাল জব্দ করেছেন। সেগুলো তাঁদের হেফাজতে আছে। পরে নিলামে বিক্রি করা হবে।