পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের অন্তত ৫৭টি লোহার সেতু ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। অনেক স্থানে এসব সেতু পার হতে গিয়ে ঘটছে দুর্ঘটনা। সেতুগুলো মেরামত না করায় উপজেলা সদরের সঙ্গে গ্রামীণ যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, নব্বইয়ের দশক থেকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও জেলা পরিষদ গ্রামীণ যোগাযোগ সহজতর ও উন্নত করতে কলাপাড়া পৌর শহরসহ উপজেলার ১২টি ইউনিয়নে বিভিন্ন সময়ে ৬৯টি লোহার সেতু নির্মাণ করে। এসব সেতুর মধ্যে চাকামইয়া ইউনিয়নে একটি, টিয়াখালীতে একটি, লালুয়ায় তিনটি, মিঠাগঞ্জে নয়টি, নীলগঞ্জে ২১টি, মহিপুরে তিনটি, বালিয়াতলীতে তিনটি, ধুলাসারে একটি, ধানখালীতে সাতটি, লতাচাপলীতে ছয়টি এবং চম্পাপুর ইউনিয়নের দুটির অবস্থা বেহাল। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা এ তথ্য নিশ্চিত করেছেন।
কয়েক দিন ঘুরে দেখা গেছে, ওই ৫৭টি সেতুই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। কোনোটির ওপরের কাঠ বা সিমেন্টের পাটাতন ভেঙে গেছে। কোনোটির মূল লোহার খুঁটিসহ ক্রস অ্যাঙ্গেল মরিচা পড়ে ভেঙে গেছে। কোনোটির নাটবল্টু নেই। কোনোটির লোহার পাত ও অ্যাঙ্গেল চুরি হয়ে গেছে।
এলাকার লোকজন বলেন, উপকূলীয় এলাকায় লবণাক্ততার মাত্রা বেশি। এর ফলে খালের ওপর তৈরি করা লোহার সেতুগুলো মরিচা ধরে ক্ষয়ে গেছে। এসব সেতু এখন মরণফাঁদে পরিণত হয়েছে। মানুষ ঝুঁকি নিয়ে এসব সেতু দিয়ে চলাচল করছে।
মহিপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের আলী আকবর মাস্টার বলেন, ‘মুলামের খাল ও কোমরপুর গ্রামের ফাপরুর খালের ওপর নির্মিত লোহার সেতু জরাজীর্ণ হয়ে গেছে। আমাগো এই দুরবস্থার কথা বহুবার জানাইছি। কিন্তু কেউ আমাগো দিগে ফির্যাতও চায় না।’
কুমিরমারা গ্রামের মাহবুব গাজী বলেন, ‘বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ লোহার সেতুর ওপর দিয়েই আমরা চলাচল করছি।’
মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন জানান, তাঁর ইউনিয়নের জয়বাংলা বাজারসংলগ্ন সাপুড়িয়া খালের ওপরের লোহার সেতুটি দিয়ে মানুষের চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। গত ছয় মাসে এ সেতু পার হতে গিয়ে অন্তত ৫০ জন আহত হয়েছেন। পাশের বাজারের ব্যবসায়ীরা সেতুটির দৈন্যদশায় দুর্ভোগে পড়েছেন। মিঠাগঞ্জ ও বালিয়াতলী ইউনিয়নের মধ্যবর্তী মধুখালী খালের ওপরের সেতুটির মূল কাঠামো নষ্ট হয়ে গেছে।
পটুয়াখালী জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, ‘এসব সেতুর কোনো তথ্য আমরা দপ্তরে খুঁজে পাচ্ছি না। মাঠপর্যায়ে গিয়ে কোনগুলো জেলা পরিষদের মাধ্যমে হয়েছে, তা চিহ্নিত করা দরকার। এরপর সম্ভাব্যতা ও যথার্থতা যাচাই করে দেখে যেগুলো খুব জরুরি ভিত্তিতে করা দরকার, তার প্রাক্কলন করে মন্ত্রণালয়ে পাঠানোর ব্যবস্থা করা হবে। সেখানে অন্য ধরনের সেতু করা যায় কি না, তাও ভেবে দেখব।’
এলজিইডি কলাপাড়া উপজেলা প্রকৌশলী আবদুল মন্নান বলেন, ‘সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানদের পক্ষ থেকে আমরা অবহিত হয়েছি। বর্তমানে নতুন করে লোহার সেতু করার পরিকল্পনা নেই। তবে গুরুত্ব অনুসারে কোনো কোনো এলাকায় গার্ডার সেতু নির্মাণ করার চিন্তাভাবনা করা হচ্ছে।’