লৌহজংয়ে শতাধিক বাড়িঘর পদ্মায় বিলীন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া সেতু নির্মাণ প্রকল্প এলাকায় ভাঙন প্রতিরোধ করা গেলেও সেখান থেকে এক কিলোমিটার দূরে খরিয়া গ্রামে ভাঙন দেখা দিয়েছে। ওই এলাকায় গত তিন দিনে পদ্মা নদীর ভাঙনে সড়ক, মসজিদ, মাজারসহ শতাধিক বসতভিটা নদীতে বিলীন হয়েছে। ভাঙন পাশের দক্ষিণ হলদিয়া ও শিমুলিয়া গ্রামেও ছড়িয়ে পড়ছে।
গতকাল রোববার খরিয়া গ্রামে পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের থাকার জন্য খরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
এলাকাবাসী জানান, গত শুক্রবার সকাল থেকে খরিয়া গ্রামে ভাঙন শুরু হয়। তবে শনিবার দুপুর থেকে এর তীব্রতা বাড়ে। গতকাল রোববার পর্যন্ত ভাঙনে তিনটি মাজার, একটি মসজিদ, কয়েকটি বৈদ্যুতিক খুঁটি, ৪০০ থেকে ৫০০ গাছ ও শতাধিক পরিবারের বসতঘরসহ প্রায় ২০ একর জমি বিলীন হয়েছে। গ্রামের পাকা সড়কটির ২০০ মিটার অংশ বিলীন হয়ে লৌহজংয়ের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ভাঙন থেকে রক্ষার জন্য বাড়িঘর সরিয়ে নিতে লোকজনকে হিমশিম খেতে হচ্ছে।
নদীভাঙনে ক্ষতিগ্রস্ত খরিয়া গ্রামের জমির আলী ব্যাপারী বলেন, ‘গত শনিবার রাতের ভাঙনে বসতভিটা পদ্মা ভাঙিয়া লইয়া গেছে। কোনো রকমে ঘরের টিনের চাল ও বেড়া সরাইয়া নিতে পারছি। পাকের ঘর, বাথরুমসহ বসতভিটা নদীতে বিলীন হওয়ার দৃশ্য চাইয়া চাইয়া দেখলাম। তখন মনে হইলো পদ্মা যেন বুকটা ভাইঙ্গা লইয়া যাইতাছে। এখন আর থাকার কোনো জায়গা নেই। তাই পরিবার নিয়ে পাশের বাড়িতে আশ্রয় নিয়েছি।’
স্থানীয় কুমারভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান বলেন, ‘প্রায় ২০ একর জমি বিলীন হয়ে শতাধিক পরিবার বসতভিটা হারিয়েছে। ক্ষতিগ্রস্ত এসব পরিবারের সদস্যদের থাকা ও খাওয়ার জন্য আশ্রয়কেন্দ্র খুলে দিয়েছি।’
ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের অভিযোগ, তিন দিন ধরে ভাঙলেও সরকার এখনো ভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা নেয়নি।
গতকাল ভাঙনকবলিত এলাকা পরিদর্শনকালে পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ভাঙন প্রতিরোধে খুব শিগগিরই বালুভর্তি জিও ব্যাগ ফেলা হবে। পদ্মা সেতু এবং শিমুলিয়া ও কাওরাকান্দি নৌপথে খননকাজে নিয়োজিত খননযন্ত্রগুলো যাতে খনন করা বালু খরিয়া গ্রামের দিকে ফেলে, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হবে।