লৌহজংয়ে সরকারি জায়গায় নির্মাণাধীন মার্কেট উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বড় নওপাড়া এলাকায় পোস্ট অফিসের সরকারি জায়গায় নির্মাণাধীন একটি মার্কেট উচ্ছেদ করেছে প্রশাসন। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আসিফ আনাম সিদ্দিকি এ উচ্ছেদ অভিযান চালান।
উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন ব্যাপারী ও ঠিকাদার মিজান মোল্লা যৌথভাবে মার্কেটটি নির্মাণ করছিলেন।
জেলা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, লৌহজংয়ের বড় নওপাড়া এলাকায় পোস্ট অফিসের প্রায় ১০ শতাংশ জমির ওপর ভাইস চেয়ারম্যান জাকির হোসেন ও ঠিকাদার মিজান মোল্লার অবৈধভাবে এ মার্কেট নির্মাণের বিরুদ্ধে নোটিশ দিয়েছিল জেলা প্রশাসন। কিন্তু তাঁরা সেই নোটিশের তোয়াক্কা না করে মার্কেট নির্মাণ অব্যাহত রাখেন। একতলা মার্কেটে ২৪টির মতো দোকান নির্মাণ শেষও হয়। এ অবস্থায় সরকারি জমি উদ্ধারে গতকাল উচ্ছেদ অভিযান চালায় প্রশাসন।
ঠিকাদার মিজান মোল্লার পরিবারের দাবি, এই জমি (সিএস রেকর্ড মতে) মিজান মোল্লার বাবা ইয়ানুস মোল্লার নামে। তাঁরা পদ্মার অপর প্রান্তে শরীয়তপুরে বসবাস করার কারণে জমির খাজনা পরিশোধ করতে পারেননি। এ কারণে একসময় সরকার এটিকে খাসখতিয়ানভুক্ত করে নেয়। পরবর্তী সময়ে জমির মালিকানা দাবি করে আদালতে রেকর্ড সংশোধন মামলা করা হয়। ওই মামলা এখনো বিচারাধীন।
আওয়ামী লীগের নেতা জাকির হোসেন বলেন, তিনি এই জমির মালিক নন। তিনি মিজান মোল্লাদের সহযোগিতার জন্য এগিয়ে গিয়েছিলেন। তাঁর পাল্টা অভিযোগ, একই দাগে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ও রয়েছে। কিন্তু প্রশাসন সেটি উচ্ছেদ করেনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ খালেকুজ্জামান বলেন, জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদলের নির্দেশে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। অবৈধ মার্কেটটির পুরোটাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
ইউএনও বলেন, এর আগে আইন অনুযায়ী অবৈধ দখলদারদের নোটিশ দেওয়া হলেও তাঁরা জায়গাটি ছেড়ে দেননি। ভূমি নিয়ে তাঁদের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। জমির মালিকানার কোনো কাগজ তাঁরা দেখাতে পারেননি।