লৌহজংয়ে সেতু থেকে পড়ে যুবকের মৃত্যু
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় গত শুক্রবার সেতু থেকে পড়ে ফারুক হোসেন (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ফারুক টঙ্গিবাড়ী আলদী গ্রামের আবদুর রশীদের ছেলে।
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, চার-পাঁচ দিন আগে লৌহজংয়ের মাওয়া-বালিগাঁও সড়কের মালির অঙ্ক এলাকার বেইলি সেতুটি মেরামতের জন্য পাটাতন খুলে ফেলা হয়। সেই থেকে সেতুর ওপর দিয়ে যাতায়াতকারী যাত্রীদের পড়তে হয় বিড়ম্বনায়। তবে সেতুর কিছু অংশ রাখা হয়েছে, যা দিয়ে এক-দুজন পথচারী যাতায়াত করতে পারেন। শুক্রবার রাত ১০টার দিকে ফারুক সেতুর ওপর দিয়ে পাড় হতে গিয়ে পা পিছলে সেতুর নিচে খালের পানিতে পড়ে যান। এ সময় আশপাশের পথচারী ও এলাকাবাসীর সহায়তায় ফারুককে উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এলাকার কয়েকজন অভিযোগ করে বলেন, বিকল্প ব্যবস্থা না করে সেতুটি মেরামতের উদ্যোগ নেওয়ায় পথচারী ও এই রুটে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ ব্যাপারে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের মুন্সিগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী তারেক ইকবাল জানান, বেইলি সেতুগুলো নিজেই আসলে একটা বিকল্প পথ। তাই বেইলি সেতু করতে গিয়ে আরেক বিকল্প পথ করা সম্ভব হয় না। তবে ঈদের আগেই যাতে সেতুটি মেরামত করা হয়, সেই চেষ্টা করা হচ্ছে।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, সেতু থেকে পড়ে একজনের মৃত্যুর খবর তিনি শুনেছেন। তবে এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।