লৌহজংয়ে আ.লীগ ও রায়পুরে যুবলীগ নেতা খুন
মুন্সিগঞ্জের লৌহজং ও লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গত বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে হত্যা করেছে সন্ত্রাসীরা।লৌহজং উপজেলায় নিহত মোবারক হোসেন খান (৫০) মেদেনীমণ্ডল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। রায়পুর উপজেলায় নিহত মিরাজ হোসেন পাটোয়ারী (২২) কেরোয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক। মিরাজ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গতকাল শুক্রবার সকালে যুবদলের কর্মী মাসুমকে (২৪) আটক করেছে পুলিশ।লৌহজং থানার পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগের নেতা মোবারকের বাড়ি মেদেনীমণ্ডলের কাজীর পাগলা গ্রামে। বৃহস্পতিবার রাত আটটার দিকে কাজীর পাগলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন তিনি। বাড়ির কাছে এলে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তাঁর মুখে লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পিস্তলের একটি তাজা গুলি ও গুলির একটি খোসা উদ্ধার করেছে। নিহত মোবারকের মেয়ে সানজিদা বেগম গতকাল প্রতিবেশী কামরুল ও বাবুলকে আসামি করে লৌহজং থানায় হত্যা মামলা করেছেন।লৌহজং থানার পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, জমি নিয়ে প্রতিবেশী কামরুল ও বাবুলের সঙ্গে মোবারকের বিরোধ চলছিল। এই বিরোধের কারণেই মোবারককে গুলি করা হয়। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে আসামি কামরুল ও বাবুলের বক্তব্য পাওয়া যায়নি। গতকাল ঢাকা মেডিকেল কলেজ মর্গে মোবারকের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়।মোবারক হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ। রায়পুরের কেরোয়া গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বৃহস্পতিবার রাত আটটার দিকে পূর্ব কেরোয়া গ্রামের ওয়াজ উদ্দিন পুলে ১৫-২০ জন সন্ত্রাসী ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে মিরাজের ওপর ঝাঁপিয়ে পড়ে। সন্ত্রাসীরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন মিরাজকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসকেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। যাওয়ার পথে গতকাল ভোরে কুমিল্লায় মিরাজের মৃত্যু হয়।মিরাজের বাবা ও কেরোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবদুল মতিন অভিযোগ করেন, বিএনপির সন্ত্রাসী বাচ্চু ও টিপুর নেতৃত্বে ১৫-২০ জন ক্যাডার রামদা ও চাপাতি দিয়ে মিরাজকে কোপায়। এতে মিরাজের মাথার একাংশ ও হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।একই অভিযোগ করেন রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন। তিনি বলেন, বিএনপির সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে মিরাজকে হত্যা করেছে। তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রশাসনকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির আহ্বায়ক মনিরুল ইসলাম হাওলাদার বলেন, আওয়ামী লীগের কোন্দলের কারণে হত্যাকাণ্ড হয়েছে। ওই ঘটনার সঙ্গে বিএনপি বা অঙ্গসংগঠনের কোনো নেতা-কর্মী জড়িত নন।রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) সামছুল হক গতকাল সন্ধ্যায় বলেন, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে যুবদলের কর্মী মাসুমকে আটক করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে রায়পুর শহর ও কেরোয়ার বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।