লৌহজংয়ে আরেক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় আরও এক বাড়িতে ডাকাতি হয়েছে। এবার ডাকাত দল এলাকার মিষ্টি ব্যবসায়ী মন্টু ঘোষের বাড়ি থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এ সময় ডাকাতদের প্রহারে তিনজন আহত হন। গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে কনকসার ইউনিয়নের নাগেরহাট গ্রামে এ ঘটনা ঘটে।
এর আগে গত মঙ্গলবার গভীর রাতে একই উপজেলার সাতঘড়িয়া গ্রামে পাঁচটি ঘরে ডাকাতির ঘটনা ঘটে। সে সময় ডাকাতদের আঘাতে দুজন আহত হন। ডাকাতেরা ওই পাঁচ ঘর থেকে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী লুট করেছিল। এসব ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
মন্টু ঘোষের ছেলে নবীন ঘোষ বলেন, শনিবার দিবাগত রাতে ২০-২৫ জনের ডাকাত দলের ১০-১২ জন তাঁদের ঘরের দোতলার বারান্দার দরজা ভেঙে ভেতরে ঢোকে। অন্যরা বাইরে অবস্থান করছিল। একপর্যায়ে তারাও অস্ত্রশস্ত্র নিয়ে ভেতরে ঢুকে তাঁর ভাই গোপাল ঘোষ, বাড়ির তত্ত্বাবধায়ক খোকন (২৬) ও মুক্তার হোসেনকে (৩০) গুরুতর জখম করে। একপর্যায়ে বাড়ির সবাইকে জিম্মি করে ৩০ ভরি স্বর্ণালংকার ও চার লাখ টাকা লুট করে তারা পালিয়ে যায়। আহত তিনজনকে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, মন্টু ঘোষ এলাকার প্রসিদ্ধ মিষ্টি ব্যবসায়ী। ডাকাতেরা লৌহজংয়ে হিন্দু সম্প্রদায়ের এমন সব ধনীর বাড়ি লক্ষ্য করে ডাকাতির ঘটনা ঘটাচ্ছে।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।