লৌহজংয়ে গুচ্ছগ্রামের পুকুর দখল
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার উত্তর হলদিয়া গুচ্ছগ্রামের পুকুরটি স্থানীয় প্রভাবশালী একটি চক্র গত সোমবার বাঁশ পুঁতে দখল করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে গুচ্ছগ্রামের ২০টি পরিবার এখন পুকুরে গোসল, ধোয়ামোছাসহ প্রয়োজনীয় কাজ করতে পারছে না।এলাকাবাসীর অনেকে জানান, হলদিয়া ইউনিয়নের উত্তর হলদিয়া গ্রামে ২০০৮ সালে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ১০১ শতাংশ জমির ওপর গুচ্ছগ্রাম তৈরি করা হয়। এর মধ্যে ৫১ শতাংশ জমিতে একটি পুকুর এবং বাকি ৫০ শতাংশ জায়গায় ঘর তৈরি করা হয়। বর্তমানে এখানে ভূমিহীন ২০টি পরিবারের শতাধিক লোক বাস করছে। ঘর বরাদ্দের সঙ্গে ভূমিহীনদের ব্যবহার করার জন্য পুকুরটি দেওয়া হয়। পুকুরটি এসএ দাগে সরকারি খাস হিসেবে রয়েছে। আবার আরএস দাগে ভুলক্রমে স্থানীয় সালামত নামের এক ব্যক্তির নামে রেকর্ডভুক্ত হয়। একটি চক্র পুকুরটি দখলে লিপ্ত হয়। এই দখলে স্থানীয় হলদিয়া ইউপির ২ নম্বর ওয়ার্ড সদস্য শংকর ঘোষ নেতৃত্ব দেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুকুরটির বর্তমান মূল্য প্রায় দুই কোটি টাকা।এক মাস ধরে শংকর ঘোষের নেতৃত্বে কিছু লোক পুকুরটি তাঁদের বলে দাবি করে আসছেন। গত সোমবার স্থানীয় হানিফ কাজীর ছেলে মো. সেলিম লোকজন নিয়ে পুকুরের চারদিকে বাঁশ পুঁতে বেড়া দেন। এখন বালু দিয়ে ঘেরা স্থান ভরাট করার চেষ্টা চলছে। এতে গুচ্ছগ্রামের শতাধিক লোক নিত্যপ্রয়োজনীয় কাজে পুকুরটি ব্যবহার করতে পারছেন না।গুচ্ছগ্রামের বাসিন্দা নিজাম উদ্দিন বলেন, ‘চারপাশে বাঁশের বেড়া দিয়ে আটকাইয়া দেওয়ায় পুকুরে কোনো কাজই করতে পারতাছি না।’ আলেয়া বেগম বলেন, ‘আমরা রান্নাবান্না ও হাঁড়িপাতিল ধোয়ার কাজ করতে পারছি না।’শংকর ঘোষ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে জানান, গুচ্ছগ্রামের জায়গা নিজের দাবি করে ইতিমধ্যে সালামত আদালতে মামলা করেছেন। আদালতের মীমাংসা না হওয়া পর্যন্ত এই জায়গা ও পুকুর কার, নিশ্চিত করে বলা যাবে না। মো. সেলিমের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। লৌহজং উপজেলা নির্বাহী কর্তকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, ‘আমি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও কানুনগোকে ঘটনাস্থল পরিদর্শন করে এ সম্পর্কে একটি প্রতিবেদন দিতে বলেছি। তাঁরা প্রতিবেদন দিলে আমরা এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় প্রদক্ষেপ নেব।’