লৌহজংয়ে পাঁচ ঘরে ডাকাতি দুজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘড়িয়া গ্রামের পাঁচটি ঘরে গত মঙ্গলবার গভীর রাতে ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় এক দম্পতি আহত হয়েছেন।
স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে সাতঘড়িয়া গ্রামের অনিল চন্দ্র ঘোষের বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকে ২০-২২ জন ডাকাত। তারা অনিল ও তাঁর স্ত্রীর মাথায় আঘাত করে হাত-পা বেঁধে ফেলে। ওই ঘর থেকে আড়াই লাখ টাকা, ২২ ভরি স্বর্ণালংকার, সাত ভরি রুপার অলংকার ও দুটি মুঠোফোন লুট করে। এরপর ডাকাতেরা অনিলের ছেলে সুনীল ঘোষ ও শুভ ঘোষ এবং দুই ভাড়াটিয়ার ঘরের দরজা ভেঙে লুটপাট চালায়।
ডাকাতদের আঘাতে আহত অনিল চন্দ্র ও তাঁর স্ত্রীকে স্থানীয় শিমুলিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় পরিবারগুলোকে থানায় মামলা দিতে বলা হয়েছে।