অতিরিক্ত বাসভাড়া নেওয়ার প্রতিবাদে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় বাস চলাচল বন্ধ করে দিয়েছে জনতা। গতকাল শুক্রবার লোকজন লৌহজংয়ের শিমুলিয়ার ভাঙা এলাকায় বাঁশ দিয়ে রাস্তা অবরোধ করে বাস চলাচল বন্ধ করে দেয়। গতকাল রাত ১১টা পর্যন্ত ঢাকা-মাওয়া-লৌহজং-বালিগাঁও সড়কে বাস চলাচল বন্ধ ছিল। ওই সড়কে শুধু গাংচিল পরিবহন কোম্পানির বাস চলাচল করে। বিক্ষুব্ধ লোকজন জানান, ভাড়া না কমানো পর্যন্ত গাংচিলের বাস চলাচল করতে দেওয়া হবে না। অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রতিবাদে শিমুলিয়ার ভাঙায় বিক্ষোভ মিছিলও করেন লোকজন।ঘটনার সত্যতা নিশ্চিত করে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত সাহা বলেন, এক সপ্তাহ আগে গাংচিল পরিবহন কর্তৃপক্ষ ঢাকা-মাওয়া-লৌহজং-বালিগাঁও পথে ভাড়া ১৫ টাকা বাড়িয়ে ৫৫ টাকার স্থলে ৭০ টাকা করে। এর প্রতিবাদে গত ২৪ জুলাই স্থানীয় জনতা চন্দ্রের বাড়ি এলাকায় বাসভাড়া বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও রাস্তা অবরোধ কর্মসূচি পালন করে। গাংচিল পরিবহন কর্তৃপক্ষ তখন ওই পথে বাস চলাচল বন্ধ করে দিয়েছিল। এখন আবার সেই সমস্যা সৃষ্টি হয়েছে।যাত্রীরা জানায়, একপর্যায়ে বাস মালিকপক্ষ ঢাকা থেকে বালিগাঁওয়ের ভাড়া পাঁচ টাকা কমিয়ে ৬৫ টাকা, মালিকপক্ষের ভাড়া পাঁচ টাকা কমিয়ে ৬০ টাকা এবং লৌহজংয়ের ভাড়া পাঁচ টাকা কমিয়ে ৫৫ টাকা নেওয়ার ঘোষণা দেয় এবং কয়েক দিন ধরে আবার বাস চলাচল শুরু করে। কিন্তু ঘোষণার পরও গাংচিল পরিবহন যাত্রীদের কাছ থেকে আগের মতোই অতিরিক্ত ভাড়া আদায় করছিল। তাই গতকাল স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করেন। এ প্রসঙ্গে গাংচিল পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।