লৌহজংয়ে ভাঙনের মুখে প্রাথমিক বিদ্যালয়সহ পাঁচ শতাধিক বাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষা আসতে এখনো দুই মাসের বেশি বাকি। কিন্তু পদ্মা নদীতে পানি বাড়ছে। এতে স্রোতের তোড়ে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় নদীভাঙন শুরু হয়েছে। এরই মধ্যে ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে বেশ কয়েকটি বাড়ি, বসতভিটা ও কয়েক একর জমি। ভাঙনের মুখে আছে কুমারভোগ ৬ নম্বর ভাওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিমুলিয়া কওমি মাদ্রাসাসহ পাঁচ শতাধিক বাড়িঘর।গত সোমবার উপজেলার কুমারভোগ ইউনিয়নের শিমুলিয়া গ্রামে গিয়ে দেখা যায়, নদীর তীর থেকে ৫০০ গজ দূরে গাছতলায় বেঞ্চ পেতে বসে পড়াশোনা করছে ছোট ছোট ছেলেমেয়েরা। বিষয়টি দেখে সুরভী আক্তার (১০) নামের এক ছাত্রীকে জিজ্ঞেস করলাম, ‘তোমরা এখানে বসে পড়ছ কেন?’ সুরভী বলল, ‘নদীতে আমাগো স্কুল (৬ নম্বর ভাওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়) ভাইঙা যাইতাছে। এই জন্য আমাগো পাঁচ-ছয় দিন ধইরা এইহানে ক্লাস হয়।’ সুরভীর মতো এমন আরও শতাধিক ছেলেমেয়ে গাছতলায় বেঞ্চে বসে ক্লাস করছে। শিমুলিয়া গ্রামের জনৈক আজিজ মাস্টারের বাড়ির একটি ঘর স্কুলের অফিস রুম হিসেবে ব্যবহার করছেন শিক্ষকেরা। তাঁরা জানান, বিদ্যালয়ে প্রায় ২৫০ জন শিক্ষার্থী রয়েছে।লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল ইসলাম বলেন, বিদ্যালয়টি রক্ষায় বালির বস্তা ফেলা হচ্ছে। নদীভাঙন ঠেকাতে দ্রুত উদ্যোগ নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।জানা গেছে, কুমারভোগে প্রাথমিক বিদ্যালয়ের পাশেই আরও একটি নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়েছিল। ভাঙনের কারণে ওই নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এখন ভবনটি অন্যত্র নির্মাণ করার চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।এলাকাবাসী জানায়, ১৫-২০ দিন ধরে ভাঙন শুরু হয়েছে। কুমারভোগ ইউনিয়নের শিমুলিয়া, কলমা ইউনিয়নের ডহরী ও সামুরবাড়ি গ্রামে ভাঙন দেখা দিয়েছে। এখনই প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আগামী বর্ষায় কুমারভোগ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভবন নদীগর্ভে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।মুন্সিগঞ্জ-২ (লৌহজং ও টঙ্গিবাড়ি) আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলির পৈতৃক বাড়ি সামুরবাড়িতে। এমিলি বলেন, ‘আমার গ্রামেই ভাঙন শুরু হয়েছে। ভাঙনের মুখে আমি নিজেও। তবে প্রাথমিক বিদ্যালয়টি রক্ষায় নির্দেশ দেওয়া হয়েছে।’ ভাঙন দেখতে পানিসম্পদ প্রতিমন্ত্রীর খুব শিগগিরই লৌহজংয়ে পরিদর্শনে আসার কথা রয়েছে বলে জানান তিনি।শিমুলিয়া গ্রামের চাঁন মিয়া জানান, ‘গত ১৫-২০ দিনের ভাঙনে নদীর তীর এখন অনেক কাছে চইলা আইছে। এই নিয়া ১৩ বার ভাঙনের মুখে পড়েছি। বাপ-দাদার ভিটা হারাইয়া চেয়ারম্যানের (সাবেক) বাড়িতে আশ্রয় নিছি। নদী এহন তাঁর বাড়ির কাছেও আইয়া পড়ছে। সরকার যদি ভাঙন না ঠেকায়, তাইলে এবারও আমাগো ঘর ছাড়তে হইব।’