লৌহজংয়ে মুক্তিযুদ্ধের নাট্যমেলায় দর্শকদের ভিড়
মুন্সিগঞ্জের লৌহজং কলেজ মাঠে সপ্তাহব্যাপী ‘মুক্তিযুদ্ধের নাট্যমেলা’য় গতকাল বৃহস্পতিবার মঞ্চস্থ হয়েছে প্রাঙ্গণেমোরের সাড়া জাগানো নাটক কনডেমন সেল। এর আগে প্রথম দিন বুধবার রাতে মঞ্চস্থ হয় মুক্তিযুদ্ধের সাড়া জাগানো নাটক লাল জমিন। লৌহজং উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এই উৎসবে প্রতিদিনই দর্শকদের ভিড় বাড়ছে।
উৎসবের উদ্বোধন করেন জাতীয় সংসদের সাবেক হুইপ ও স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন।
লৌহজং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফকির মো. আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, লৌহজং উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, লৌহজং উপজেলা আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ শিকদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সোহানা প্রমুখ।
উৎসবে আজ শুক্রবার থিয়েটার আর্ট ইউনিটের কোর্ট মার্শাল মঞ্চস্থ হবে। কাল শনিবার মঞ্চস্থ হবে মেরাজ ফকিরের মা, রোববার যুদ্ধ এবং যুদ্ধ, সোমবার ক্রাচের কর্নেল এবং মঙ্গলবার ইনফরমার।