লৌহজংয়ে যুবদলের কমিটি গঠন কার্যক্রম পণ্ড
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কলমা এলাকায় বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার বাসভবনে গত শনিবার যুবদলের কমিটি গঠনের কার্যক্রম পণ্ড হয়ে গেছে। দলীয় নেতা-কর্মীদের হট্টগোল, চেয়ার ছোড়াছুড়ির মধ্য দিয়ে সভা পণ্ড হয়ে যায়। এ সময় উপস্থিত শত শত নেতা-কর্মী ‘মিজানুর রহমানের ঘোষণা করা কমিটি মানি না’ বলে স্লোগান দেন। দলীয় সূত্রে জানা যায়, মিজানুর রহমান তাঁর নির্বাচনী এলাকা টঙ্গিবাড়ী উপজেলার সব কটি ইউনিয়নে যুবদল ও ছাত্রদলের কমিটি গঠনের জন্য নেতা-কর্মীদের শনিবার বিকেলে লৌহজং উপজেলায় তাঁর বাসভবনে এক সভায় আমন্ত্রণ জানান। তাঁর বাড়িতে প্রায় এক হাজার নেতা-কর্মী উপস্থিত হন। একপর্যায় মিজানুর রহমান প্রথমে যুবদলের বিভিন্ন ইউনিয়নের কমিটি ঘোষণা করেন। নেতা-কর্মীদের মতামত উপেক্ষা করে আগেই কমিটি করে ঘোষণা করায় তাঁরা বিক্ষোভ ফেটে পড়েন। এ সময় যুবদলের শত শত নেতা-কর্মী উচ্চ স্বরে বলেন, ‘এই কমিটি মানি না’, ‘মিজানুর রহমানের পকেট কমিটি মানি না’। এ সময় নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে চেয়ার ছোড়াছুড়ি শুরু করেন। তাঁরা মিজানুর রহমানসহ অন্য নেতাদের অবরুদ্ধ করে রাখেন। একপর্যায়ে মিজানুর রহমান কমিটি বাতিল করতে বাধ্য হন। যুবদলের কমিটি ঘোষণার সঙ্গে সঙ্গে হট্টগোল ও উত্তেজনা শুরু হলে ছাত্রদলের কমিটি গঠন কার্যক্রম আর শুরু হয়নি। এ ব্যাপারে জেলা যুবদলের সভাপতি তারিক কাশেম খান বলেন, ‘আমাদের ধারণা ছিল, যুবদলের টঙ্গিবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের কমিটি ইউনিয়নে বসেই করা হয়েছে। মিজানুর রহমানের বাড়িতে যখন কমিটি ঘোষণা করা হলো, তখন বুঝতে পেরেছি কমিটিগুলো ইউনিয়নে বসে করা হয়নি। পরে এ কমিটি বাতিল করে আবার ইউনিয়নে ইউনিয়নে গিয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।’ টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে তাঁর পছন্দের লোক দিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের পকেট কমিটি করছিলেন। এ নিয়ে দলের নেতা-কর্মীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। এ ব্যাপারে কথা বলতে কয়েক দফা চেষ্টা করেও মিজানুর রহমানের মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।