মেহেরপুরের গাংনী পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী আহাম্মেদ আলী নৌকা, স্বতন্ত্র ও আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আশরাফুল ইসলাম জগ এবং বিএনপির ইনসারুল ইসলাম ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। এ ছাড়া জাতীয় পার্টি ও ইসলামী শাসনতন্ত্র বাংলাদেশেরও দুজন প্রার্থী রয়েছেন। ভোটাররা মনে করছেন, এখানে মূল লড়াই হতে পারে নৌকা ও জগের সঙ্গে। তবে তাঁরা এ-ও ভাবছেন, আওয়ামী লীগের ভোট ভাগাভাগিতে ধানের শীষও বিজয়ী হতে পারে।
আহাম্মেদ আলীকে এলাকার কেউ কেউ ‘লৌহমানব’ ও আশরাফুলকে ‘মিয়া ভাই’ নামে ডাকেন। আর ইনসারুল ইসলাম এলাকায় ইন্সু ভাই নামে পরিচিত।
পৌর এলাকা ঘুরে কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের দুই ও বিএনপির এক প্রার্থীর মধ্যে লড়াই নিয়ে এলাকার চায়ের দোকানসহ সর্বত্র চলছে নানা হিসাব-নিকাশ।
গত মঙ্গলবার সকালে শহরের বাসস্ট্যান্ড বাজার এলাকায় হরেক রকমের গাছগাছালির শিকড় নিয়ে বসে ছিলেন আকরামুল হক (৫০)। ১৭ বছর ধরে তিনি একই জায়গায় বসে কবিরাজি করছেন। কথা হয় তাঁর সঙ্গে। ভোটের ব্যাপারে তাঁর ভাবনা, ভোটের লড়াই হবে নৌকা আর জগে। এ লড়াই যেমন হবে ভোটে, তেমন হবে মারামারিতে। তাঁরা দুজনই শক্তিশালী। কারও শক্তি কম না। কিন্তু এই সুযোগে ধানের শীষও জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় আরও কয়েকজন ভোটারের সঙ্গে কথা বললে তাঁরাও একই ধরনের কথা বলেন।
আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মী ও পৌর এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, তৃণমূল থেকে পাঠানো জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল ইসলাম দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এ কারণে বর্তমান মেয়র আহাম্মেদ আলী একটু বেকায়দায় পড়েছেন।
এখানে প্রায় ১০ বছর ধরে মেয়র পদে আছেন আহাম্মেদ আলী। তিনি বিভিন্ন সময়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মারধর করেছেন। এ জন্য তাঁকে কেউ কেউ পশ্চিমবঙ্গের বাংলা সিনেমার নায়ক চরিত্র ‘ফাটাকেস্ট’, আবার কেউ কেউ ‘লৌহমানব’ নামেও ডাকেন। এদিকে আশরাফুলকে এলাকার সবাই ‘মিয়া ভাই’ নামে ডাকে। জেলা ও গাংনী পৌর আওয়ামী লীগের বড় একটি অংশ তাঁকে প্রত্যক্ষ ও গোপনে সহায়তা দিচ্ছে। আহম্মেদ আলী স্বতন্ত্র সাংসদ মকবুল হোসেনের ও আশরাফুল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল খালেকের সমর্থক হিসেবে পরিচিত।
আহম্মেদ আলী বলেন, ‘আওয়ামী লীগের কয়েকজন নেতা বিরোধিতা করছেন, এটা তেমন সমস্যা না। পৌরসভার উন্নয়ন বেগবান করতে জনগণ আবারও আমাকে ভোট দিয়ে জয়ী করবেন।’ আশরাফুল ইসলাম বলেন, ‘দল আমাকে মনোনয়ন না দিলেও পৌরবাসীর সর্বস্তরের ভোটারদের সমর্থন নিয়ে ভোটযুদ্ধে নেমেছি।’
এদিকে বিএনপির প্রার্থী ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ইনসারুল ইসলাম ওরফে ইন্সু ভাই জেলা যুবদলের যুগ্ম আহ্বায়কও। জেলা ও উপজেলার নেতারা তাঁকে জেতানোর জন্য মাঠে কাজ করছেন। এ ছাড়া জামায়াতের সমর্থকেরাও বিএনপিকে সমর্থন দিচ্ছেন। ইনসারুল ইসলাম বলেন, ‘দলের নেতারা আমার পক্ষে মাঠে কাজ করছেন। নির্বাচন সুষ্ঠু হলে জয়ী হব শতভাগ। আওয়ামী লীগের ভোট নৌকা ও জগ প্রতীকে ভাগাভাগি হবে, যা আমার জন্য সুবিধা।’