ল্যান্স কর্পোরাল মাহবুব হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
ময়মনসিংহ শহরে ভাড়া বাসায় ল্যান্স কর্পোরাল মাহবুব আলম হত্যা মামলার প্রধান আসামি সেনাসদস্য রেজাউল হককে গত শনিবার গ্রেপ্তার করা হয়েছে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, ময়মনসিংহ র্যাব-৯-এর একটি দল শনিবার রাত ১১টার দিকে ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাশিগঞ্জ থেকে রেজাউলকে গ্রেপ্তার করে। তিনি গ্রেপ্তার এড়াতে ঢাকা থেকে নেত্রকোনায় তাঁর গ্রামের বাড়ি যাচ্ছিলেন। গতকাল রোববার রেজাউলকে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করে র্যাব। আজ তাঁকে আদালতে নেওয়া হবে।ওসি গোলাম সারোয়ার জানান, ১৩ অক্টোবর রাতে শহরের আকুয়া খালপাড় এলাকায় ভাড়া বাসায় মাহবুব আলমকে হত্যা করা হয়। বিষয়টি নিয়ে মাহবুবের স্ত্রী শিল্পী আক্তার অসংলগ্ন কথাবার্তা শুরু করলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে শিল্পী আদালতে জবানবন্দিতে স্বীকার করেন, প্রেমিক রেজাউলকে নিয়ে তিনি স্বামী মাহবুবকে হত্যা করেন।