লালমনিরহাট মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের ল্যাপটপ, প্যাডেস্টাল ফ্যান ও লাইব্রেরির বই ব্যক্তিগত কাজে যথেচ্ছ ব্যবহার নিয়ে হইচই শুরু হয়েছে। একাধিক শিক্ষক সূত্রে জানা গেছে, লালমনিরহাট মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রদীপ কুমার রায় গত ৮ মে রংপুরের বেগম রোকেয়া কলেজের দর্শন বিভাগের প্রধান হিসেবে বদলি হন। বর্তমানে তিনি কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন। প্রদীপ কুমার রায় লালমনিরহাট মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ থাকাকালে ২০০৯ সালের ১০ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সচিবালয় থেকে দেওয়া দুটি ল্যাপটপ নেন। কলেজের স্টোর রেজিস্ট্রারে ল্যাপটপ দুটি পাওয়ার কথা লিপিবদ্ধ করলেও তিনি একটি ল্যাপটপ ব্যক্তিগত ব্যবহারের জন্য নিজের বাড়ি নিয়ে যান। এ ছাড়া কলেজের একটি প্যাডেস্টাল ফ্যান ও লাইব্রেরির মূল্যবান ১০টি বই ব্যক্তিগত কাজের জন্য নেন।কলেজের লাইব্রেরিয়ান আনোয়ার হোসেন বলেন, ‘প্রদীপ স্যার ইস্যু করা আটটি বইয়ের সঙ্গে নন ইস্যু আরও দুটি মূল্যবান বই নিলেও এখন পর্যন্ত ফেরত না দেওয়ায় তাঁকে লাইব্রেরি ক্লিয়ারেন্স দেওয়া হয়নি।’অধ্যাপক প্রদীপ কুমার রায় বলেন, ‘সাত দিন আগে অধ্যক্ষের বাসায় ল্যাপটপটি ফেরত দিয়েছি। প্যাডেস্টাল ফ্যানটিও ফেরত দিয়েছি। লাইব্রেরির আটটি বই সুবিধাজনক সময়ে ফেরত দেব। তবে নন ইস্যু করা দুটি বই যে এডিসি রেভিনিউকে দিয়েছিলাম, তিনি বদলি হয়ে যাওয়ায় ফেরত দেওয়া সম্ভব হবে না।’কলেজের অধ্যক্ষ শামীম আরা বেগম বলেন, ‘প্রদীপ কুমার রায় গত রোববার সন্ধ্যায় ল্যাপটপটি আমার বাড়িতে দিয়ে গেছেন। কলেজের প্যাডেস্টাল ফ্যানটিও দিয়েছেন। তবে কলেজ লাইব্রেরি থেকে নেওয়া আটটি মূল্যবান বই এখনো ফেরত দেননি।’এদিকে ল্যাপটপ ও ফ্যান আদৌ ফেরত দেওয়া হয়েছে কি না, তা নিয়ে কলেজের শিক্ষকদের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। কারণ এগুলো গত মঙ্গলবার ২৯ নভেম্বর পর্যন্ত কলেজে এসে পৌঁছায়নি।