ল্যাপটপ আর মোবাইল ফোনের জন্য শামীমকে খুন করা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউডার ছাত্র শামীম হাসানকে হত্যার অভিযোগে তাঁর রুমমেট চৌধুরী মো. জুলকারনাইনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, শামীমের ল্যাপটপ আর মোবাইল ফোন বিক্রি করে সেমিস্টার ফি জোগাড়ের জন্যই জুলকারনাইন এ ঘটনা ঘটিয়েছে।গতকাল বৃহস্পতিবার দুপুরে শেরেবাংলা নগর থানায় জুলকারনাইনকে সাংবাদিকদের সামনে নেওয়া হয়। বুধবার বিকেলে লালমাটিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে।সংবাদ সম্মেলনে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইমাম হোসেন বলেন, আদাবরের প্রবাল হাউজিংয়ে বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা ছাত্রাবাসের একই ঘরে পাশাপাশি বিছানায় থাকতেন জুলকারনাইন ও শামীম। শামীমের একটি ল্যাপটপ আর দামি মোবাইল ফোন ছিল। সেগুলো বিক্রি করে সেমিস্টার ফির ৫০ হাজার টাকা জোগাড়ের পরিকল্পনা করেছিলেন জুলকারনাইন। সে জন্যই তিনি খুন করেন শামীমকে।জুলকারনাইন নিজেও সাংবাদিকদের কাছে শামীমকে হত্যার কথা স্বীকার করেন। তিনি বলেন, বাবার পাঠানো সেমিস্টার ফির টাকা শেয়ারবাজারে নষ্ট করে ফেলেছেন। এ জন্য পরিবারের কাছে দ্বিতীয়বার টাকা না চেয়ে ধার করার উপায় খুঁজছিলেন। মঙ্গলবার রাতে তিনি শামীমকে নিয়ে আলাপ করতে চন্দ্রিমা উদ্যানে যান। জুলকারনাইন দাবি করেন, চন্দ্রিমায় বসে ৫০ হাজার টাকা ধার চাইলে শামীম তাঁর কাছে নগদ টাকা নেই বলে অস্বীকৃতি জানান। তখন তিনি শামীমকে তাঁর মোবাইল ফোন ও ল্যাপটপ বিক্রি করার প্রস্তাব দেন। এ কথা শুনে শামীম খেপে যান। জুলকারনাইন তখন তাঁকে ভয় দেখিয়ে রাজি করতে প্রথমে গলায় ছুরি ধরেন। পরে কয়েকবার আঘাত করেন।হত্যার পরিকল্পনা না থাকলে শামীমের গলার ক্ষতগুলো এত গভীর কেন—এ প্রশ্নের জবাবে জুলকারনাইন দাবি করেন, শামীম নড়াচড়া করায় গলা কেটে গেলে তিনি তাঁকে শেষ পর্যন্ত আরও আঘাত করে হত্যা করেন। গত বুধবার সকালে চন্দ্রিমা উদ্যানে শামীম হাসানের গলাকাটা লাশ পাওয়া যায়।