ল্যাপটপ গছাতে না পেরে দম্পতিকে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪০ হাজার টাকা না পেয়ে ময়মনসিংহে স্বামী-স্ত্রীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে মাদকাসক্ত এক তরুণ। সদর উপজেলার আকুয়া গরুর খোঁয়াড় এলাকায় গত শনিবার রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী মুস্তফা নামের ওই তরুণকে আটক করে পুলিশে দিয়েছে।
নিহত দম্পতি হলেন আবদুল হক (৭০) ও তাঁর স্ত্রী রায়হাতুন্নেছা (৫৮)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত দম্পতির ওই এলাকায় তিনতলা একটি বাড়ি আছে। দ্বিতীয় তলায় নিজেরা থেকে নিচের ও তৃতীয় তলা ভাড়া দিতেন তাঁরা। তাঁদের দুই ছেলে ঢাকায় থাকেন। তিন বছর আগে নিচের তলায় ভাড়া থাকতেন মুস্তফার বোন ও দুলা ভাই। সেই সূত্রে বাড়িটিতে মুস্তফার যাতায়াত। দেড় বছর আগে তার বোনের পরিবার অন্যত্র চলে যায়। কিন্তু মুস্তফা লেখাপড়ার খাতিরে শহরের একটি মেসে থেকে যায়। মাঝেমধ্যেই সে ওই দম্পতির বাসায় আসত। প্রয়োজনে টাকা-পয়সাও ধার নিত। তবে বেশ কিছুদিন ধরে মুস্তফা মাদকাসক্ত হয়ে পড়েছে বলে জানতে পেরে ওই দম্পতি আর তাকে টাকা দিচ্ছিলেন না।
গত শনিবার রাত ১০টার দিকে একটি ল্যাপটপ কম্পিউটার ওই দম্পতির কাছে নিয়ে আসে মুস্তফা। কম্পিউটারটি ৪০ হাজার টাকায় কেনার অনুরোধ জানায়। কিন্তু দম্পতি তাতে রাজি না হলে এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে চাপাতি দিয়ে কুপিয়ে আবদুল হক ও রায়হাতুন্নেছাকে হত্যা করে সে।
প্রতিবেশীরা বলেন, রাতে ওই বাড়ি থেকে বাগ্বিতণ্ডার শব্দ পেয়ে তাঁরা ভিড় করেন। এ সময় মুস্তফা দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পড়ে পালানোর সময় তাঁরা তাকে ধরে ফেলেন। একপর্যায়ে মুস্তফা হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। রাত সাড়ে ১১টার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার ও মুস্তফাকে আটক করে। ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি আবু মো. ফজলুল করিম বলেন, ল্যাপটপ কম্পিউটারটি বিক্রি করতে না পারায় মুস্তফা ওই দম্পতিকে খুন করে বলে স্বীকার করেছে। গতকাল রোববার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।